আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম আজ রোববার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'বিচার সম্পর্কে জানতাম না' এমন যুক্তি দেখিয়ে তামাদি মওকুফের সুযোগ পাবেন না। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছর ১৭ নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল-১। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে (রাজসাক্ষী) যথাক্রমে মৃত্যুদণ্ড ও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক রয়েছেন এবং শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে আগামী ডিসেম্বরে দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন। প্রসিকিউটর বলেন, পলাতক ব্যক্তিরা সাধারণত আদালতে এসে এই যুক্তি দেন যে তারা বিচার প্রক্রিয়া সম্পর্কে অবগত ছিলেন না, তাই বিলম্ব মওকুফ চান। কিন্তু শেখ হাসিনা ও অন্য আসামিরা মামলা সম্পর্কে জানেন এবং বিভিন্ন সময়ে সাংবাদিকদের মাধ্যমে তা নিয়ে বক্তব্য দিয়েছেন। ফলে তারা এ ধরনের আবেদনের সুযোগ পাবেন না। বন্দী প্রত্যর্পণ চুক্তি প্রসঙ্গে গাজী মোনাওয়ার বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে এমন সুস্পষ্ট চুক্তি রয়েছে, যার আলোকে শেখ হাসিনাকে ফেরত দেওয়া যেতে পারে, কারণ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও সাজা কার্যকরের পরোয়ানা রয়েছে।