রক্তরোগ, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং কিডনি প্রতিস্থাপনের সর্বাধুনিক অগ্রগতি নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার গতকাল রাজধানীতে সম্পন্ন হয়েছে। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (৩০ জুলাই) কলেজটির লেকচার গ্যালারি-১-এ এই আয়োজনটি হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
সেমিনারের মূল প্রবন্ধ ও প্রযুক্তিগত দিকগুলো উপস্থাপন করেন ভারত থেকে আগত দুই বিশেষজ্ঞ। ম্যাক্স হেলথকেয়ারের সিনিয়র ডিরেক্টর (হেমাটো-অনকোলজি অ্যান্ড বোন ম্যারো ট্রান্সপ্লান্ট) সত্যরঞ্জন দাস এবং সিনিয়র ডিরেক্টর (নেফ্রোলজি অ্যান্ড কিডনি ট্রান্সপ্লান্ট) অনিল প্রসাদ ভাট আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে জটিল রক্তরোগ, বোন ম্যারো ও আধুনিক কিডনি প্রতিস্থাপনের বৈজ্ঞানিক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং আন্তর্জাতিক জ্ঞান বিনিময়ের প্রসঙ্গ তুলে ধরে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, আগামী দিনে এই হাসপাতালে লিভার ট্র্যান্সপ্লান্ট, বোন ম্যারো, বোন জয়েন্টস এবং কিডনি ট্রান্সপ্লান্ট শুরুর লক্ষ্যে কার্যক্রম চলছে। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন কলেজটির অধ্যক্ষ অধ্যাপক উত্তম কুমার পাল।
সেমিনারে নেফ্রোলজি ও কিডনি বিষয়ক প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সেল হাসপাতালেরই জ্যেষ্ঠ চিকিৎসকরা। এদের মধ্যে ছিলেন সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শহিদুল ইসলাম (ইউরোলজিস্ট), অধ্যাপক রানা মোকাররম হোসেন ও সহযোগী অধ্যাপক তোফায়েল আহাম্মদ (নেফ্রোলজিস্ট)। অন্যদিকে, হেমাটোলজি প্যানেলে ছিলেন সিনিয়র কনসালটেন্ট লেফটেন্যান্ট কর্নেল রুকসানা খানম (হেমাটোলজিস্ট), ফারহানা ইসলাম নীলা (ট্রান্সফিউশনিস্ট) ও মো. আখলাক-উল-ইসলাম (হেমাটোলজিস্ট)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের ডিরেক্টর (মেডিকেল সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক এ কে মাহবুবুল হক, ডেপুটি ডিরেক্টর চিকিৎসক কাজী রফিকুল আলম, এইমস হেলিকেয়ার লিমিটেডের সিইও মো. মুশফিকুর রহমান এবং কলেজের বিভিন্ন ক্লিনিক্যাল বিভাগের বিভাগীয় প্রধানরা। সেখানে উপস্থিত বিশেষজ্ঞরা মত প্রকাশ করেন যে, আধুনিক চিকিৎসা বিজ্ঞানে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপন এখন শুধু গুরুত্বপূর্ণ ভূমিকাই রাখছে না, মানুষের আয়ু বৃদ্ধিতেও সহায়ক হচ্ছে। এর ফলে দীর্ঘ অসুস্থতায় ভোগা রোগীরা সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন।
অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক আনিকা মাহবুব, আর সমন্বয়কারী ছিলেন চিকিৎসক আয়েশা সিদ্দীকা। সেমিনার শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।




