বাংলাদেশ সেনাবাহিনী চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। জেলার বিভিন্ন এলাকায় পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখেছে তারা। শনিবার (১১ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসব তথ্য জানিয়েছে।
সেনাবাহিনীর ৭ স্বতন্ত্র এডি ব্রিগেডের উদ্যোগে বাঁশখালী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী ও আনোয়ারা উপজেলায় ত্রাণসামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে। একইসঙ্গে বেসামরিক প্রশাসনকে ত্রাণ পরিবহনেও সহায়তা করছে ডিভিশনটির সদস্যরা।
অন্যদিকে, ২৪ পদাতিক ডিভিশনের উদ্যোগে চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি ও বোয়ালখালী উপজেলার বন্যাদুর্গত মানুষের মাঝেও প্রয়োজনীয় ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ফটিকছড়ি ও পার্শ্ববর্তী দুর্গম এলাকায় জরুরি চিকিৎসাসেবা দিচ্ছে সেনাবাহিনীর মেডিকেল টিম।
পানিবন্দী ও দুর্যোগে বিপর্যস্ত মানুষের হাতে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি এবং ত্রাণ পৌঁছে দিচ্ছেন সেনাসদস্যরা। বাঁশখালীর বাহারছড়া এলাকায় পানিবন্দী মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়ার ছবিও প্রকাশ করেছে আইএসপিআর। সেনাবাহিনীর আশ্বাস, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই ত্রাণ ও চিকিৎসা কার্যক্রম চলবে।




