দেশে হামের প্রকোপ থামছেই না। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও চার শিশু মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বৃহস্পতিবার প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত চার মাসের বেশি সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৮৩৫টি শিশুর মৃত্যু হয়েছে।
মৃত চার শিশুর মধ্যে দুজন ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে শিশু মারা গেছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫ শিশু। এদের মধ্যে ১৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার ১৪০ শিশুতে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১০ হাজার ১৮২ শিশু। তাদের মধ্যে ১ লাখ ৬ হাজার ৫৩ জন শিশু ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। তবে প্রতিদিনই নতুন করে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ায় উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, হামের টিকা কভারেজ বাড়ানো ও সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। সরকারি উদ্যোগের পাশাপাশি অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তারা।




