পারিবারিক শিক্ষার লক্ষ্য কি সন্তানকে জীবনের প্রতিকূলতা থেকে দূরে রাখা, নাকি সেই প্রতিকূলতা মোকাবেলার শক্তি জোগানো? অনেক অভিভাবক মনে করেন, সন্তানের পথের সব বাধা সরিয়ে দেওয়াই তাদের সাফল্য। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত লালন-পালন তখনই সার্থক হয়, যখন সন্তান নিজের বিচারবুদ্ধি ও পরিশ্রমে বাধা অতিক্রম করতে শেখে। সমস্যার মুখে বাবা-মা যদি তৎক্ষণাৎ সমাধান দিয়ে দেন, তাহলে সন্তানের নিজস্ব চিন্তা ও সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বিকশিত হওয়ার সুযোগ পায় না। অতিরিক্ত উদ্বেগ বা ভয়ের কারণে সন্তানের প্রতিটি পদক্ষেপে হস্তক্ষেপ করা তাদের শেখার আগ্রহকে সীমিত করে দেয়।
ঐতিহাসিক ও সমাজবিজ্ঞানী ইবনে খালদুন তাঁর বিখ্যাত গ্রন্থ আল-মুকাদ্দিমায় উল্লেখ করেছেন, তত্ত্বীয় জ্ঞান এবং বাস্তব অনুশীলনের মাধ্যমে অর্জিত দক্ষতার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। বারবার চর্চার মাধ্যমেই কেবল প্রকৃত পারদর্শিতা অর্জন সম্ভব (আল-মুকাদ্দিমা, ১/৫৪৩, বৈরুত: দারুল ফিকর, ১৯৮৮)। আধুনিক গবেষণাও এই ধারণাকে সমর্থন করে। কিশোর-কিশোরীদের মনস্তত্ত্ব নিয়ে করা এক সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, বাবা-মায়ের অপ্রয়োজনীয় হস্তক্ষেপ—যেমন অনাহুত সাহায্য, অতিরিক্ত উদ্বেগ প্রকাশ বা ব্যক্তিগত বিষয়ে অতিরিক্ত কৌতূহল—তারা তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে উপলব্ধি করে (মার্টজে পি. সি. এম. লাইক ও অন্যান্য, ‘ওভারপ্যারেন্টিং ইন অ্যাডোলেসেন্টস এভরিডে লাইফ’, জার্নাল অব সোশ্যাল অ্যান্ড পার্সোনাল রিলেশনশিপস, ভলিউম: ৪১, সংখ্যা: ২, ২০২৪, পৃষ্ঠা: ৪৮০-৪৯)। তবে গবেষকরা স্পষ্ট করেছেন, সব হস্তক্ষেপই অতি-সুরক্ষা নয়; সাহায্যের প্রয়োজনীয়তা এবং তা সন্তানের বয়স ও দক্ষতার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, সেটিই বিবেচনার বিষয় (আর. ডিস্টিফানো এবং এ. এস. মিউইসেন, ‘প্যারেন্টিং ইন কনটেক্সট: আ সিস্টেমেটিক রিভিও অব দ্য কোরিলেটস অব অটোনমি সাপোর্ট’, জার্নাল অব ফ্যামিলি থিওরি অ্যান্ড রিভিও, খণ্ড: ১৪, সংখ্যা: ৪, ২০২২, পৃষ্ঠা: ৫৭১-৫৯২)। মনোবিজ্ঞানী আলবার্ট বান্দুরার ‘আত্ম-সক্ষমতা’ তত্ত্বও বলে, নিজের প্রচেষ্টায় সাফল্য অর্জনের মাধ্যমে যে আত্মবিশ্বাস তৈরি হয়, তা অন্যের কথায় বা উৎসাহে পাওয়া সম্ভব নয় (সেলফ-ইফিকেসি: দ্য এক্সারসাইজ অব কন্ট্রোল, নিউ ইয়র্ক: ডব্লিউ. এইচ. ফ্রিম্যান, ১৯৯৭, অধ্যায়: ৩)।
ইসলামি জীবনদর্শনেও ব্যক্তির নিজস্ব চেষ্টা ও কর্মের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কোরআনে ঘোষণা করা হয়েছে, “মানুষ তা-ই পায়, যার জন্য সে চেষ্টা করে। আর তার চেষ্টার ফল শীঘ্রই তাকে দেখানো হবে” (সুরা নাজম, আয়াত: ৩৯-৪০)। অন্যত্র বলা হয়েছে, “প্রত্যেক ব্যক্তি তার অর্জিত কাজের জন্য দায়ী” (সুরা মুদ্দাসসির, আয়াত: ৩৮)। এই নির্দেশনাগুলো থেকে পারিবারিক শিক্ষার জন্য একটি স্পষ্ট বার্তা পাওয়া যায়—সন্তানকে ছোটবেলা থেকেই নিজের কাজের ফলাফলের জন্য দায়ী হতে শেখানো উচিত। ভাষাবিদ রাগেব ইসফাহানি ‘চেষ্টা’ (সাঈ) এবং ‘অর্জন’ (কসব) শব্দ দুটির ব্যাখ্যায় বলেন, মানুষের জীবন ভিত্তি গড়ে ওঠে তার নিজস্ব অধ্যবসায় এবং লাভ-ক্ষতির বিচার থেকে (মুফরাদাতু আলফাজিল কোরআন, সম্পাদনা: সফওয়ান আদনান দাউদি, দামেস্ক: দারুল কলাম, ২০০৯, পৃষ্ঠা: ৪০৭)।
মহানবী (সা.)-এর জীবনেও এর বাস্তব প্রমাণ মেলে। ‘খেজুর গাছে পরাগায়ন’ প্রসঙ্গে সাহাবিদের একটি কৃষিপদ্ধতি সম্পর্কে তিনি মন্তব্য করেছিলেন। পরে দেখা গেল, সেই পদ্ধতিতে ফসল আশানুরূপ হয়নি। তখন তিনি বললেন, “তোমাদের পার্থিব বিষয়ে তোমরাই সবচেয়ে ভালো জানো” (সহিহ মুসলিম, হাদিস: ২৩৬৩)। এই ঘটনা প্রমাণ করে, চেষ্টা ও ভুলের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন ইসলামের দৃষ্টিতে স্বাভাবিক ও প্রশংসনীয়। আরেকটি হাদিসে তিনি নির্দেশ দিয়েছেন, “যা তোমার উপকারে আসে তার ওপর আগ্রহী হও, আল্লাহর সাহায্য চাও এবং অলস হয়ে বসে থেকো না” (সহিহ মুসলিম, হাদিস: ২৬৬৪)। এই শিক্ষা সন্তানের মধ্যে উদ্যোগী মনোভাব এবং কঠিন পরিস্থিতি মোকাবেলার মানসিক শক্তি তৈরি করে। ইসলামি শিক্ষাবিদ আব্দুর রহমান আল-নাহলাবির মতে, মূল্যবোধ ও শিক্ষা কেবল মুখস্থ কথার মাধ্যমে আসে না; জীবনের বাস্তব অনুশীলনের মাধ্যমেই তা স্থায়ী অভ্যাসে রূপ নেয় (উসুলুত তারবিয়াতিল ইসলামিয়্যাহ ওয়া আসালিবুহা, দামেস্ক: দারুল ফিকর, ২০০৭, পৃষ্ঠা: ৯০-৯৩)। সন্তান যখন পরিবারের বাইরের পৃথিবীতে পা রাখে, তখন এই শিক্ষাই তাদের পাথেয় হয়ে ওঠে।




