আলোকচিত্রীদের জন্য বর্ষাকাল নানা চমক এনে দিলেও ক্যামেরা ও লেন্সের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বাতাসে স্যাঁতসেঁতে ভাবের কারণে যন্ত্রপাতির ভেতরে ছত্রাক জন্মাতে পারে, যা লেন্সের কোটিং নষ্ট করে এবং ছবির মান কমিয়ে দেয়। একবার ছত্রাক ভেতরে ঢুকলে তা অপসারণ করতে ব্যয়বহুল সার্ভিসিং প্রয়োজন হয়, অনেক ক্ষেত্রেই সম্পূর্ণরূপে মুছে ফেলা সম্ভব হয় না। তাই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াই শ্রেয়।
ক্যামেরা ও লেন্স সংরক্ষণের প্রথম শর্ত হলো শুকনো পরিবেশ নির্বাচন। স্যাঁতসেঁতে ঘর বা বদ্ধ আলমারিতে দীর্ঘক্ষণ রেখে দেওয়া ঠিক নয়। ফটোগ্রাফারদের জন্য ড্রাই বক্স সবচেয়ে কার্যকর সমাধান। ইলেকট্রনিক ড্রাই ক্যাবিনেট বা সাধারণ এয়ারটাইট বাক্স—উভয়ই ভালো কাজ করে, কারণ এগুলো আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখে। ড্রাই বক্স বা ক্যামেরা ব্যাগে পর্যাপ্ত সিলিকা জেল রাখা জরুরি। এই জেল অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে সরঞ্জাম শুকনা রাখে। সময়মতো সিলিকা জেল পরিবর্তন বা পুনরায় শুকিয়ে ব্যবহার করা প্রয়োজন।
দীর্ঘদিন ক্যামেরা ও লেন্স ব্যবহার না করলে ছত্রাকের ঝুঁকি বেড়ে যায়। সপ্তাহে অন্তত একবার ক্যামেরা চালু ও লেন্স ব্যবহার করলে ভেতরে বাতাস চলাচল করে। বৃষ্টি বা আর্দ্র পরিবেশে ব্যবহার শেষে সরঞ্জাম শুকনা কাপড় দিয়ে মুছে নিতে হবে, তবে সরাসরি রোদে না রেখে হালকা বাতাসে শুকানো নিরাপদ। ঠান্ডা পরিবেশ (এসি রুম) থেকে হঠাৎ করে গরম ও আর্দ্র জায়গায় গেলে লেন্সে জলীয় বাষ্প জমতে পারে। এ অবস্থায় ক্যামেরা ব্যাগ খোলার আগে কিছু সময় অপেক্ষা করা উচিত, যাতে যন্ত্রটি নতুন তাপমাত্রার সাথে মানিয়ে নিতে পারে।
ক্যামেরা ব্যাগের অভ্যন্তরেও আর্দ্রতা জমতে পারে, যা ছত্রাক সৃষ্টির মূল কারণ হতে পারে। তাই নিয়মিত ব্যাগ পরিষ্কার ও শুকনো রাখা জরুরি। ভেজা হাতে ক্যামেরা বা লেন্স স্পর্শ করা এড়িয়ে চলতে হবে। ব্যবহার শেষে লেন্সের সামনের ও পেছনের ক্যাপ লাগিয়ে রাখলে ধুলাবালি ও স্যাঁতসেঁতে ভাব থেকে সুরক্ষা পাওয়া যায়। দীর্ঘ সময় ব্যবহার না করলে ব্যাটারি খুলে আলাদা করে সংরক্ষণ করা নিরাপদ, এতে ব্যাটারি লিকেজের কারণে ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে।
যেসব অঞ্চলে বর্ষাকালে আর্দ্রতা অত্যন্ত বেশি থাকে, সেখানে ডিহিউমিডিফায়ার ব্যবহার করে ঘরের আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। প্রতি মাসে অন্তত একবার ক্যামেরা ও লেন্স ভালোভাবে পরীক্ষা করা দরকার। লেন্সের ভেতরে সাদা জালের মতো দাগ বা কুয়াশাচ্ছন্ন ভাব দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন। বর্ষাকালে সামান্য সচেতনতা ও নিয়মিত যত্নই আপনার প্রিয় ক্যামেরা ও লেন্সকে দীর্ঘদিন পরিচ্ছন্ন ও কার্যক্ষম রাখতে পারে। মনে রাখতে হবে, মানসম্মত ছবি তোলার জন্য শুধু দক্ষতা নয়, সরঞ্জামের সঠিক রক্ষণাবেক্ষণও আবশ্যক।




