শনিবার সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ডিম কুড়াতে থাকা কয়েকজনকে চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত সাত জন।
ঘটনার শুরুতে ডিমবাহী একটি ট্রাক চাকা ফেটে উল্টে যায়। সড়কের ওপর ছড়িয়ে পড়া ডিম সংগ্রহ করতে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। ঠিক সেই মুহূর্তে ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেস বাসটি তাদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে তিন জনের নাম জানা গেছে—জয়নাল (২৭), আরিফ (২৭) ও ওবায়দুর (৪০)। বাকি দুই জনের মধ্যে ডিমবাহী ট্রাকের চালকও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলালউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের সবার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
স্থানীয় বাসিন্দা শুভ চক্রবর্তী বলেন, ট্রাক উল্টে যাওয়ার পর ডিম কুড়াতে লোকজন জড়ো হয়। হঠাৎ একটি বাস দ্রুত গতিতে এসে তাদের চাপা দিয়ে চলে যায়। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা প্রতিশোধস্বরূপ মহাসড়কে ছয়টি বাস ও ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এর ফলে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
আহত ব্যক্তিদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের জানান, আহত ছয় জনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে পাঁচ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি।




