রাজধানীর মোহাম্মদপুরের বছিলা টাউন এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার দুপুরে র্যাব-২-এর একটি দল এ অভিযান পরিচালনা করে। ঘটনাস্থল থেকে ৮ হাজার ৩০০টি ইয়াবা জব্দ করা হয়। মাদক ব্যবসায়ের অভিযোগে মো. বিল্লাল (৩০) ও স্বর্ণা আক্তারকে (৩৯) গ্রেপ্তার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বছিলা টাউনের একটি বাসায় বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ ইয়াবা মজুত রাখা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে সেখানে হানা দেয় র্যাব। গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে ঢাকার বাইরে থেকে হেরোইন, গাঁজা ও ইয়াবা এনে মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করছিলেন। তাদের সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।