চাকরিচ্যুত সাবেক মেজর মো. সাদিকুল হককে নতুন একটি সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান রাজধানীর খিলক্ষেত থানার এ মামলায় আজ মঙ্গলবার তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক তারেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের একত্রিত করার কাজে জড়িত ছিলেন সাদিকুল। তার পরিকল্পনা ও দিকনির্দেশনায় ২০২৫ সালের ১৭ মে খিলক্ষেত থানা এলাকায় অন্যান্য আসামিরা জড়ো হন। ওই সময় তারা বিভিন্ন ধরনের নাশকতা সৃষ্টির চেষ্টা চালায়। এ ঘটনায় পরদিন খিলক্ষেত থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া কয়েকজনকে তখন আটক করা হয়েছিল। আটককৃতরা সেনাবাহিনীর সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি ঢাকা সেনানিবাসের নিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনামূলক বক্তব্য ছড়িয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
মামলায় সাদিকুলকে গ্রেপ্তার দেখানোর জন্য গত ১৬ আগস্ট খিলক্ষেত থানা-পুলিশ আবেদন করে। সেদিন আদালত আসামির উপস্থিতিতে আবেদন শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেছিলেন। আজকের শুনানি শেষে আদালত এ আদেশ প্রদান করেন।
এর আগে, সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত সাদিকুলকে ২০২৪ সালের ২৯ অক্টোবর তিন মাসের কারাদণ্ড দেয় সামরিক আদালত। দণ্ডের পর তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীকালে তাকে রাজধানীর ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছিল। সাদিকুলের বিরুদ্ধে বর্তমানে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।




