জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের আসন্ন কনসার্টকে কেন্দ্র করে প্রতারণার ঘটনায় এক ফেসবুক গ্রুপের প্রশাসককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বখতিয়ার আবিদ খান (২১) নামের এই ব্যক্তি ‘বাংলাদেশ কনসার্ট অ্যান্ড ইভেন্ট কানেক্টস’ (বিসিইসি) গ্রুপের অ্যাডমিন। রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় তার বাড়ি বলে জানা গেছে।

আগামী ২৪ জুলাই পূর্বাচলের ৩০০ ফুট সড়কের ক্রিকেটার্স একাডেমিতে ‘ইভেন্ট সাজাই’ ও ‘মেইন স্টেজ ইনকরপোরেটেড’ যৌথভাবে কনসার্টটির আয়োজন করছে। টিকিট বিক্রির জন্য ‘গেট মাই টিকিট ডট লাইভ’ নামের একটি প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তি সম্পন্ন হয় এবং ৮ জুলাই থেকে মেইন স্টেজ ইনকরপোরেটেডের ফেসবুক পেজে প্রচারণা শুরু করা হয়।

প্রচারণা শুরুর পরই আয়োজকদের নজরে আসে যে ভিন্ন ভিন্ন আইডি থেকে বিসিইসি গ্রুপে আগে বাতিল হয়ে যাওয়া একটি কনসার্টের পুরনো টিকিটের ছবি ব্যবহার করে আসন্ন অনুষ্ঠানের নামে ভুয়া টিকিট বিক্রির প্রচার চলছে। বিষয়টি নিয়ে গ্রুপ অ্যাডমিন বখতিয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পোস্ট সরিয়ে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং এক লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে এই ধরনের পোস্ট দেওয়া অব্যাহত রাখবেন এবং আয়োজক প্রতিষ্ঠানের ব্যবসায়িক ক্ষতি করবেন বলে হুমকি দেন তিনি।

এ ঘটনায় কনসার্টের আয়োজক নিশা মাহবুবা সালাম রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পাওয়ার পর সিআইডি প্রযুক্তিগত সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। গত ১৬ জুলাই বিকেলে মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে বখতিয়ার আবিদ খানকে আটক করা হয়। তার কাছ থেকে একটি আইফোন ১১ জব্দ করা হয়।

সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এসব তথ্য জানানো হয়। সিআইডির ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বখতিয়ার তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং এই মামলার তদন্ত অব্যাহত রয়েছে।