নেত্রকোনা সদর উপজেলায় রাতের আঁধারে নিজ ঘরে ঢুকে এক কৃষককে নির্মমভাবে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম মাহফুল মিয়া (৩৫)। তিনি সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুয়ানী দুধকুড়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। রোববার সকালে স্থানীয়রা তাঁর গলাকাটা রক্তাক্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে একা ঘুমিয়ে পড়েন মাহফুল। ধারণা করা হচ্ছে, রাত ১২টা থেকে ভোর পৌনে পাঁচটার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে গলা কেটে হত্যা করে। ভোরের দিকে নিহতের মা ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা খোলা দেখতে পান। টর্চের আলো জ্বালিয়ে বিছানায় ছেলেকে রক্তাক্ত ও গলাকাটা অবস্থায় দেখতে পান তিনি। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।

ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাশিয়া ফান্নানা, নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল খায়েরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বেলা ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার স্বজল কুমার সরকার গণমাধ্যমকে জানান, প্রতিবেশী শফিকুল ইসলামের সঙ্গে মাহফুলের জমিসংক্রান্ত বিরোধ ছিল। সেই বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে শফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে পুলিশ। কিন্তু তা বন্ধ পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে গেছেন। পুলিশ পলাতকদের খোঁজে তল্লাশি শুরু করেছে।