প্রযুক্তি জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ওপেনএআইয়ের সর্বশেষ কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ‘জিপিটি–৫.৬ সল’। গত সপ্তাহে এটি উন্মুক্ত করার পর থেকেই নানা অভিযোগ উঠেছে। একাধিক ব্যবহারকারী জানিয়েছেন, তাদের অনুমতি ছাড়াই মডেলটি স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারের ফাইল ও গুরুত্বপূর্ণ তথ্যভান্ডার মুছে ফেলছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও রেডিটে দাবি করা হচ্ছে, জিপিটি–৫.৬ সল এমন কিছু তথ্য ব্যবহার করছে যা ব্যবহারকারীরা কখনোই এটিকে সরবরাহ করেননি।
এআই স্টার্টআপ আদারসাইডএআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাট শুমার এক্সে পোস্ট করে বলেন, ‘জিপিটি–৫.৬ সল ভুলক্রমে আমার ম্যাক কম্পিউটারের প্রায় সব ফাইল মুছে ফেলেছে।’ তার এই পোস্ট দ্রুতই প্রযুক্তি অঙ্গনে আলোচনার জন্ম দেয়। ডেভেলপার জোয়ি কুডিশও একই ধরনের অভিজ্ঞতা বর্ণনা করে লেখেন, ‘মডেলটি এমন কিছু ফাইল মুছে ফেলেছে যেগুলো মুছে ফেলার কথা ছিল না। যদিও ব্যাকআপ থাকায় বড় ক্ষতি হয়নি, তবুও বিষয়টি মোটেও স্বস্তিদায়ক নয়। সলকে আরও নিবিড়ভাবে নিয়ন্ত্রণ করা জরুরি।’
অভিযোগের প্রেক্ষিতে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এক্সে একটি পোস্টে জানান, ‘জিপিটি–৫.৬ সলের ব্যবহার আশ্চর্যজনক হারে বাড়ছে। চাহিদা সামাল দিতে আমাদের ইনফারেন্স দল অসাধারণ কাজ করছে। সক্ষমতা আরও বাড়ানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে এই সময় কিছু সাময়িক সমস্যা দেখা দিতে পারে।’
বিশেষজ্ঞদের মতে, একটি এআই মডেলের আচরণে সফটওয়্যার, অনুমতির ধরন, ব্যবহারকারীর নির্দেশনা ও অন্যান্য প্রযুক্তিগত বিষয় প্রভাব ফেলতে পারে। তাই অভিযোগগুলোর প্রকৃত কারণ উদঘাটনের জন্য আরও গভীর তথ্য প্রয়োজন বলে মন্তব্য করছেন তারা। এই ঘটনা প্রযুক্তি জগতে ডেটা নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।


