প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের সার্চ ইঞ্জিনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি তৈরির একটি অভিনব সুবিধা চালু করতে যাচ্ছে। ব্যবহারকারীরা এখন গুগলে কোনো ছবি খুঁজে না পেলে সরাসরি সার্চের ভেতরেই এআইয়ের সাহায্যে প্রয়োজনীয় ছবি তৈরি করতে পারবেন। এই নতুন ফিচারটি গুগলের এআই ওভারভিউস অপশনের আওতায় যুক্ত করা হচ্ছে, যেখানে ব্যবহারকারীরা কেবল লিখিত নির্দেশনা (প্রম্পট) দিলেই কাঙ্ক্ষিত ছবি তৈরি হবে।

কোম্পানির তথ্যমতে, নতুন এই সেবাটি তাদের সর্বশেষ ছবি তৈরির মডেল ‘ন্যানো বানানা’ (Nano Banana)-এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ব্যবহারকারীরা সার্চ করার সময় প্রাসঙ্গিক ছবি না পেলে এআই ওভারভিউসে ছবি তৈরির একটি বিকল্প দেখতে পাবেন। চাইলে তারা সার্চ বক্সে লেখা প্রশ্ন বা বাক্যকেই ছবি তৈরির নির্দেশনায় রূপান্তর করে নিতে পারবেন। এরপর গুগলের এআই মডেল সেই নির্দেশনা অনুসরণ করে সম্পূর্ণ নতুন ও মৌলিক ছবি তৈরি করবে। পুরো প্রক্রিয়াটি সার্চ অপশনের বাইরে না গিয়েই সম্পন্ন হবে, ফলে অন্য কোনো তৃতীয় পক্ষের অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহারের প্রয়োজন পড়বে না।

গুগল ইমেজেসের নকশায়ও পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন নকশায় বর্তমানের তুলনায় আরও দ্রুত প্রাসঙ্গিক ছবি খুঁজে পাওয়া সম্ভব হবে। এই পরিবর্তনের ফলে সার্চের গতি ও কার্যকারিতা বাড়বে বলে আশা করা হচ্ছে। বিনা মূল্যে ব্যবহার করা যাবে এই সুবিধাটি, যা সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে পেশাদার সৃজনশীল কর্মীদের জন্য সহায়ক হবে।

প্রতিষ্ঠানটির দাবি, নতুন এই ফিচার ব্যবহার করে সহজেই প্রতিবেদন, উপস্থাপনা, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, ওয়েবসাইট ও অন্যান্য সৃজনশীল কাজের জন্য প্রয়োজনীয় ভিজ্যুয়াল উপকরণ তৈরি করা যাবে। বিশেষ করে শিক্ষার্থী, শিক্ষক, বিপণনকর্মী, নকশাবিদ ও আধেয় নির্মাতারা এই সুবিধার মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হবেন বলে মনে করছে গুগল।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে এই ফিচারটি চালু হবে। প্রথম দিকে নির্দিষ্ট কিছু অঞ্চল ও ভাষায় এটি ব্যবহারের সুযোগ মিলবে, পরে ধীরে ধীরে বিশ্বব্যাপী সম্প্রসারিত হবে। সূত্র: টেকলুসিভ।