বিশ্বজুড়ে সংবাদ শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার ক্রমেই বাড়ছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোর এআই রূপান্তর প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে বিশেষ একটি উদ্যোগ হাতে নিয়েছে গুগল। ‘নিউজ এআই ল্যাব’ নামের এই কর্মসূচির বাস্তবায়ন সহযোগী হিসেবে রয়েছে প্রথম আলো। দেশের নিবন্ধিত সংবাদমাধ্যমগুলো এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবে, যার শেষ সময়সীমা ২১ আগস্ট ২০২৬, শুক্রবার সন্ধ্যা ৬টা।
কর্মসূচিটির আওতায় নির্বাচিত প্রতিষ্ঠানগুলো প্রথমে ছয় সপ্তাহের অনলাইন প্রশিক্ষণ এবং দুই দিনের সরাসরি কর্মশালায় অংশ নেবে। ১৪ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত প্রতি সপ্তাহে একদিন করে দুই ঘণ্টার অনলাইন প্রশিক্ষণ চলবে, যেখানে এআইয়ের মৌলিক ধারণা, সংবাদমাধ্যমে এর সম্ভাব্য ব্যবহার এবং কীভাবে কাজে যুক্ত করা যায় — এসব বিষয়ে ধারণা দেওয়া হবে। এরপর ১৬ নভেম্বর থেকে শুরু হবে দুই দিনের সরাসরি কর্মশালা। প্রথম দিনে নিউজরুমের এআই–সংক্রান্ত সমস্যা চিহ্নিতকরণ, বর্তমান সক্ষমতা যাচাই, গুগলের এআই পণ্য সম্পর্কে জানা এবং সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হবে। দ্বিতীয় দিনে সমাধানের কাঠামো পরিমার্জন, নতুন কাজের সুযোগ খোঁজা এবং গুগলের এআই পণ্য ব্যবহার করে হাতে–কলমে একটি কার্যকর পরীক্ষামূলক সংস্করণ তৈরি করার ওপর জোর দেওয়া হবে।
দুই ধাপের এ প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে এআই রূপান্তরের ক্ষেত্রে একটি বাস্তব সমস্যা বা চ্যালেঞ্জ চিহ্নিত করে ‘কেস’ আকারে উপস্থাপন করবেন। এরপর অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে সেই সমস্যা সমাধানে কাজ করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। প্রশিক্ষণ শেষে ১৫ মাসব্যাপী চলবে এআই রূপান্তরের বাস্তবায়ন কার্যক্রম, যা শুরু হবে এই বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে। এতে শুধু প্রশিক্ষণই নয়, বরং প্রতিষ্ঠানের বাস্তব সমস্যা চিহ্নিত করে এআইয়ের মাধ্যমে তার পরিপূর্ণ সমাধান তৈরি ও বাস্তবায়নের ওপরই গুরুত্ব দেওয়া হবে।
সংবাদ সংগ্রহ, গবেষণা, কনটেন্ট তৈরি, অনুবাদ ও তথ্য বিশ্লেষণ — সংবাদমাধ্যমের নানা কাজে এআই এখন অপরিহার্য হয়ে উঠেছে। কিন্তু কোন কাজে এআই ব্যবহার করলে প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি উপকৃত হবে, সেটি নির্ধারণ করাও বড় চ্যালেঞ্জ। ‘নিউজ এআই ল্যাব’ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী এআই ব্যবহারের সম্ভাবনা খুঁজে দেখবেন এবং পাঠক–দর্শকের পরিধি ও ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের কৌশল নিয়েও গবেষণার সুযোগ পাবেন।
এই কর্মসূচিতে আবেদন করতে পারবে দেশের জাতীয় ও অনলাইন সংবাদমাধ্যম, টেলিভিশন চ্যানেল ও তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম, মাল্টিমিডিয়া সংবাদপ্রতিষ্ঠান, নিউজ স্টার্টআপ, স্থানীয় বা আঞ্চলিক সংবাদমাধ্যম এবং নিজস্ব ওয়েবসাইটধারী অন্যান্য ডিজিটাল সংবাদমাধ্যম। বাংলাদেশে নিবন্ধিত ও নিজস্ব ওয়েবসাইট থাকতে হবে। প্রতিটি প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ দুইজন — একজন নিউজ বা সম্পাদকীয় বিভাগ থেকে এবং অন্যজন ব্যবসা বিভাগ থেকে — মনোনয়ন দেওয়া যাবে। প্রতিষ্ঠানের একজন নির্বাহী পর্যায়ের কর্মকর্তাকে কর্মসূচির অগ্রগতি তদারকের দায়িত্বে থাকতে হবে।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে তাদের কনটেন্ট ‘জেমিনি এলএলএম’–এ ব্যবহারের অনুমতি দিতে হবে এবং গুগলের এআই পণ্য নিয়ে মতামত ও অভিজ্ঞতা জানাতে হবে। কর্মসূচি থেকে পাওয়া অভিজ্ঞতা ও ফলাফল গুগল প্লেবুক, কেস স্টাডি বা প্রচারমূলক উপকরণে ব্যবহার করতে পারবে। বিস্তারিত জানতে বা আবেদনসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৩৩৮–৬৯৪৮৪৯ নম্বরে অথবা newsailabbd@prothomalo.com–এ।




