প্রযুক্তি জগতে প্রতিনিয়ত নতুন বিস্ময় নিয়ে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা। ক্ষুদ্র ডিভাইসগুলো এখন স্বয়ংক্রিয় চিন্তার কেন্দ্র হয়ে উঠছে। এই ধারাবাহিকতায় মেটা সম্প্রতি উন্মুক্ত করেছে ‘মিউজ গ্লিমার’ নামের একটি ওপেন-ওয়েট মডেল, যা কম্পিউটারেই স্থানীয়ভাবে এআই এজেন্ট চালানোর সুযোগ দেবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের ব্যক্তিগত সুপারইন্টেলিজেন্সের চিন্তাভাবনা এই মডেলে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

গত বছর জাকারবার্গ জানিয়েছিলেন, উন্নত এআই মডেলগুলো যেন কয়েকটি প্রতিষ্ঠানের হাতে সীমাবদ্ধ না থাকে, বরং সাধারণ মানুষের ক্ষমতায়নে ব্যবহার করা উচিত। তবে নিরাপত্তার খাতিরে শক্তিশালী মডেলগুলো উন্মুক্ত করার সময় সতর্কতা অবলম্বনের কথাও তিনি উল্লেখ করেন। সম্প্রতি সোমবার প্রকাশিত এক চিঠিতে জাকারবার্গ সেই ভাবনার পুনরাবৃত্তি করে বলেন, সুপারইন্টেলিজেন্সকে সবার মাঝে ছড়িয়ে দিলে ব্যক্তিগত ক্ষমতায়নের নতুন যুগ শুরু হতে পারে। ফলে মানুষ নিজের আগ্রহ অনুযায়ী কাজ করার পাশাপাশি জীবনযাত্রার মানও অনেক উন্নত করতে পারবে।

মিউজ গ্লিমারের মাধ্যমে তৈরি ব্যক্তিগত এআই এজেন্ট ২৪ ঘণ্টা মানুষের হয়ে সম্পর্ক উন্নয়ন, স্বাস্থ্য, ক্যারিয়ার, অর্থায়ন এবং গৃহস্থালির নানা কাজ পরিচালনা করতে সক্ষম হবে। সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, এই মডেলটি সবাই বিনামূল্যে বা কম খরচে ব্যবহারের সুযোগ পাবেন। জাকারবার্গের তথ্য অনুযায়ী, মিউজ গ্লিমার এমনভাবে নির্মিত হয়েছে যা ধাপে ধাপে জটিল কাজ সম্পাদন করতে পারে। একটি মাত্র সাধারণ জিপিইউসম্পন্ন ম্যাক বা পারসোনাল কম্পিউটারে সরাসরি এটি ব্যবহার করা যাবে। ইন্টারনেট সংযোগ থাকুক বা না থাকুক, যে কোনো স্থানে সার্বক্ষণিক কাজ করতে পারবে এই মডেল।

তবে মিউজ গ্লিমারের সব মডেলই বিনামূল্যে ব্যবহার করা যাবে না। প্রাথমিকভাবে ছোট আকারের গ্লিমার মডেলটি ডাউনলোড করে ব্যবহার করা যাবে। নতুন এই মডেল সম্পর্কে জাকারবার্গ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, মেটা ওপেন সোর্স প্রযুক্তি সমর্থন করে এবং এই মডেল উন্মুক্ত করতে পেরে তারা গর্বিত। সূত্র: টেকক্রাঞ্চ।