বর্তমান তেলেগু চলচ্চিত্রের অন্যতম আলোচিত নাম ভাগ্যশ্রী বোর্সে। সম্প্রতি কলেজশিক্ষার্থীদের সঙ্গে এক ‘অনেস্ট টাউন হল’ অনুষ্ঠানে নিজের জীবনের নানা সংগ্রামের কথা শেয়ার করেছেন তিনি। সেখানে জানান, অভিনয় জগতে পা রাখার সিদ্ধান্ত নেওয়ার পর তাঁর পরিবারের কাছ থেকে চরম বিরোধিতার মুখে পড়তে হয়েছিল। এমনকি তাঁর মা পুরো ছয় মাস তাঁর সঙ্গে কোনো কথা বলেননি এবং হোয়াটসঅ্যাপেও ব্লক করে দিয়েছিলেন।

ভাগ্যশ্রী বলেন, ‘প্রথমে আমি মাকে ফোন করেছিলাম। তিনি রাজি হননি। এরপর বাবাকে ফোন করলাম, তিনিও বললেন, “তোমার মা যা বলেছে, তাই ঠিক।” ভেবেছিলাম, অন্তত বোন পাশে দাঁড়াবে। কিন্তু সেও অস্বীকার করল। পুরো পরিবারই আমাকে নিরুৎসাহিত করেছিল।’ তবে তিনি মনে করেন, এই আপত্তি ভালোবাসার জায়গা থেকেই এসেছিল। তাঁর ভাষায়, ‘মা-বাবা ভয় পেয়েছিলেন। সিনেমার বাইরের মানুষ হিসেবে তাঁদের ধারণা ছিল, এই জগৎ নিরাপদ নয়। তাঁদের মনে হয়েছিল, তাঁদের ছোট মেয়ে বাইরে গিয়ে খারাপ মানুষের সংস্পর্শে আসতে পারে। এখন বুঝি, বাবা-মা হলে এমন উদ্বেগ থাকাটাই স্বাভাবিক।’

সব প্রতিকূলতা সত্ত্বেও নিজের পথে অটল ছিলেন ভাগ্যশ্রী। তিনি বলেন, ‘আমার মাথায় শুধু একটাই চিন্তা ছিল—৮০ বছর বয়সে গিয়ে যেন না বলতে হয়, “যদি চেষ্টা করতাম!” আমি জীবনে কোনো আক্ষেপ রাখতে চাইনি। যা করতে ইচ্ছা করে, সেটা চেষ্টা করে দেখা উচিত।’ এরপর তিনি গোপনে অডিশন দেওয়া শুরু করেন। তখনই পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। ‘মা আমাকে হোয়াটসঅ্যাপে ব্লক করে দিয়েছিলেন। পুরো ছয় মাস তিনি আমার সঙ্গে কথা বলেননি। এখন হয়তো হাসিমুখে বলছি, কিন্তু তখন সময়টা খুব কঠিন ছিল,’ স্মরণ করেন অভিনেত্রী।

ভাগ্যশ্রী বিশ্বাস করতেন, একদিন তাঁর কাজই পরিবারের মন জয় করবে। ‘আমি শুধু চাইতাম, একদিন মা-বাবা আমার জন্য গর্ব অনুভব করুন। মানুষ যেন তাঁদের জিজ্ঞেস করে, “আপনার মেয়ে এখন কী করছে?”—এটা নয়; বরং বলে, “আপনার মেয়ে অসাধারণ কাজ করেছে।” সেই দিনটাই আমি দেখতে চেয়েছিলাম,’ বলেন তিনি।

আলাপচারিতায় আর্থিক স্বাধীনতার বিষয়েও কথা বলেন ভাগ্যশ্রী। ছোটবেলার একটি ঘটনা তাঁর জীবনদর্শন বদলে দিয়েছিল বলে জানান তিনি। মুম্বাইয়ের লিংকিং রোডে একবার ২০০ রুপির একটি স্যান্ডেল কিনে দিতে বাবাকে অনুরোধ করেছিলেন তিনি, কিন্তু বাবা সেটি কিনে দেননি। ‘সেদিন খুব কষ্ট পেয়েছিলাম। মনে হয়েছিল, মাত্র ২০০ রুপির স্যান্ডেলও কেনা গেল না! কিন্তু ওই ঘটনাই আমাকে দুটি শিক্ষা দিয়েছে—প্রথমত, দরাদরি করতে জানতে হবে। দ্বিতীয়ত, নিজের প্রয়োজনের জন্য কারও কাছে টাকা চাইব না,’ বলেন ভাগ্যশ্রী।

তরুণীদের উদ্দেশে তাঁর বার্তা, প্রত্যেক নারীর নিজের আয়, নিজের ব্যাংক হিসাব এবং সম্ভব হলে নিজের একটি বাড়ি থাকা উচিত। তিনি বলেন, ‘নিজের পছন্দের জিনিস নিজেই কিনতে পারার ক্ষমতা থাকা খুব গুরুত্বপূর্ণ। বিয়ে যাঁর সঙ্গেই হোক, একজন নারীর নিজের ব্যাংক হিসাব ও নিজের একটি বাড়ি থাকা উচিত। এতে আত্মবিশ্বাস বাড়ে, স্বাধীনতার অনুভূতি আসে।’

প্রথম বড় পারিশ্রমিক কীভাবে খরচ করেছিলেন—এমন প্রশ্নের উত্তরে ভাগ্যশ্রী জানান, নিজের জন্য নয়, সবার আগে মা–বাবার জন্যই কিছু কিনেছিলেন। ‘নিজের জন্য খরচ করতে গেলে আমি অনেক ভাবি। কিন্তু মা-বাবার জন্য হলে যত দরকার, ততই খরচ করতে পারি। আমার মনে হয়, অনেক মেয়েই এমন হয়—নিজেদের চেয়ে পরিবারের কথা আগে ভাবে,’ বলেন তিনি।

কঠিন শৈশব পেরিয়ে ভাগ্যশ্রী কথা বলেন নিজের শৈশব নিয়েও। তিনি বলেন, ‘আমি জন্মানোর পর থেকেই জীবনের অন্য রকম একটি দিক দেখেছি। আমার পরিবার নিম্নমধ্যবিত্ত ছিল। স্থিতিশীল জীবন বলতে কিছু দেখিনি। সব সময় দেখেছি, মা-বাবা আমাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করছেন, কিন্তু নানা বাধার মুখে পড়ছেন। তবু তাঁরা কখনো হাল ছাড়েননি। আমরা সত্যিই শূন্য থেকে শুরু করেছি।’ সবচেয়ে বেশি মনে দাগ কেটেছে বাবার একটি ঘটনা। ভাগ্যশ্রী বলেন, ‘আমি নিজের চোখে দেখেছি, বাবা একজনের কাছে বলছেন, “দয়া করে আমাকে একটা কাজ দিন। আমার দুটি মেয়ে আছে।” ছোট্ট একটি শিশুর কাছে নিজের বাবাকে এভাবে অনুরোধ করতে দেখা খুব কষ্টের। তখনই মনে মনে ঠিক করেছিলাম, জীবনে এমন কিছু করব, যাতে বাবাকে আর কখনো এভাবে কারও কাছে হাত পাততে না হয়। আজ আমার সব স্বপ্ন আর উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্রেই আছেন আমার মা-বাবা।’

মহারাষ্ট্রের আওরঙ্গবাদে জন্ম নেওয়া ভাগ্যশ্রীর শৈশবের একটি বড় অংশ কেটেছে নাইজেরিয়ার লাগোসে। প্রায় সাত বছর সেখানে পড়াশোনা করার পর পরিবার নিয়ে ভারতে ফিরে আসেন। মুম্বাইয়ে ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনার পাশাপাশি মডেলিং শুরু করেন তিনি। অভিনয়ে যাত্রা শুরু হয় ছোট ছোট চরিত্র দিয়ে। ‘ইয়ারিয়াঁ ২’ ও ‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবিতে সংক্ষিপ্ত উপস্থিতির পর ২০২৪ সালে রবি তেজার বিপরীতে ‘মিস্টার বচ্চন’ ছবিতে প্রথমবার নায়িকা হিসেবে নজর কেড়েছিলেন। এরপর বিজয় দেবরাকোন্ডার ‘কিংডম’, দুলকার সালমানের ‘কান্থা’ এবং রাম পোথিনেনির ‘আন্ধ্র কিং তালুকা’ ছবিতেও অভিনয় করেন। সামনে শিবকার্তিকেয়নের বিপরীতে তামিল ছবি ‘সেয়ন’-এ দেখা যাবে তাঁকে। সর্বশেষ মুক্তি পাওয়া ‘লেনিন’ ছবিতে অখিল আক্কিনেনির বিপরীতে অভিনয় করে নতুন করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। ১০ জুলাই মুক্তি পাওয়া ১০০ কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসেও সাফল্য পাচ্ছে।