সরকারি অনুষ্ঠানের প্রচারণায় ব্যবহৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পরিপত্রে বলা হয়, সরকারি অনুষ্ঠানের প্রচার-সংক্রান্ত সব ধরনের উপকরণে থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না। সেই সঙ্গে প্রচারণামূলক উপকরণের নকশায় অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তুকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়, প্রচারণাসামগ্রী প্রস্তুতের সময় অনুষ্ঠানের বিষয়বস্তুকেই প্রথম প্রাধান্য দিতে হবে এবং প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন নিশ্চিত করতে হবে।

পরিপত্রে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের এই নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছে। নতুন এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।