৬৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) প্রতিযোগিতার তীব্র মানসিক চাপ শেষে এখন চলছে মূল্যায়ন পর্ব। এই ফাঁকে আয়োজক কর্তৃপক্ষ অংশগ্রহণকারী দেশগুলোর খুদে গণিতবিদদের জন্য শুক্রবার এক আনন্দভ্রমণের আয়োজন করে। বিশ্বের অন্যতম আধুনিক বিনোদনকেন্দ্র সাংহাই ডিজনিল্যান্ডে বাংলাদেশ দলসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা দিনটি কাটায়।
প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসের প্রখর তাপমাত্রাও তাদের উচ্ছ্বাসকে দমাতে পারেনি। ২০১৬ সালে চীনের মূল ভূখণ্ডে প্রথম প্রতিষ্ঠিত এই ডিজনি পার্কটি ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতি ও ডিজনির রূপকথার এক অনন্য সংমিশ্রণ ঘটায়। পার্কটি সেদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মেধাবী শিক্ষার্থীদের এক বৈশ্বিক মিলনমেলায় রূপ নেয়।
প্রবেশমাত্রই সবার দৃষ্টি কাড়ে ডিজনির সর্ববৃহৎ আকর্ষণ 'এনচ্যান্টেড স্টোরিবুক ক্যাসেল'। সব ডিজনি পার্কের মধ্যে সর্বোচ্চ ও সুবিশাল এই প্রাসাদটি রূপকথার জগৎকে মূর্ত করে তোলে। শিক্ষার্থীরা পার্কের বিভিন্ন থিমভিত্তিক অঞ্চল ঘুরে দেখে। অনেকে বিশ্বখ্যাত রোলার কোস্টার 'ট্রন লাইটসাইকেল পাওয়ার রান'-এ চড়ে দুরন্ত গতির রোমাঞ্চ অনুভব করে। পাশাপাশি 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ব্যাটল ফর দ্য সানকেন ট্রেজার'-এর অত্যাধুনিক মাল্টিমিডিয়া ও প্রজেকশন প্রযুক্তি তাদের জলদস্যুদের জীবন্ত অভিযানে নিমজ্জিত করে।
শিক্ষার্থীদের জন্য অন্যতম প্রধান চুম্বক ছিল 'মার্ভেল ইউনিভার্স' প্রদর্শনী। সেখানে ঢুকেই তারা যেন রুপালি পর্দার চেনা অতিমানবদের জগতে হারিয়ে যায়। আয়রন ম্যানের বিভিন্ন স্যুটের প্রতিরূপ ও জনপ্রিয় সুপারহিরোদের আইকনিক পোশাক এবং অস্ত্র প্রদর্শনী তাদের কল্পনাশক্তির সীমানা আরও প্রসারিত করে। সুপারহিরোদের সঙ্গে ছবি তোলার সুযোগটিও কেউ হাতছাড়া করেনি। বিজ্ঞান, প্রযুক্তি ও কল্পনার এই মেলবন্ধন প্রতিযোগিতার চাপমুক্ত এক নির্মল আনন্দের স্মরণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে শিক্ষার্থীদের জন্য।
উল্লেখ্য, ১৪ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হওয়া ৬৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ২০ জুলাই পুরস্কার বিতরণ ও সমাপনীর মাধ্যমে শেষ হবে। এতে ১২০টি দেশ ও অঞ্চলের ৬৫০ জনেরও বেশি প্রতিযোগী অংশ নিচ্ছে। এবারের আসরে বাংলাদেশ দলের ছয় সদস্য হলেন— মনামী জামান (ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ), জাওয়াদ হামীম চৌধুরী (ঢাকা ইমপিরিয়াল কলেজ), এম জামিউল হোসেন (রাজউক উত্তরা মডেল কলেজ), মো. রায়হান সিদ্দিকী (চট্টগ্রাম কলেজ), মোহাম্মদ মারজুক রহমান (চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ) ও তাহসিন খান (আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ)। দলনেতা হিসেবে মাহবুবুল আলম মজুমদার এবং উপদলনেতা হিসেবে অপূর্ব কুমার এই সফরে দলের সঙ্গে রয়েছেন।
ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় দেশজুড়ে গণিত অলিম্পিয়াড আয়োজিত হয়, যেখান থেকে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি আন্তর্জাতিক আসরের জন্য এই দল নির্বাচন ও প্রয়োজনীয় প্রস্তুতির ব্যবস্থা করে।


