জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর নাম আলোচিত হলেও এবার উঠে এল তার আগের এক গভীর সম্পর্কের কথা। ২৪ জুলাই রাতে চ্যানেল আইয়ের ‘চাঁদ তারার গুঞ্জরন’ অনুষ্ঠানে চিত্রনায়িকা পূর্ণিমার মুখোমুখি হয়ে জীবনের প্রথম প্রেমের গল্প ফাঁস করেন শাকিব। পূর্ণিমা পুরোনো স্মৃতি টেনে বলেন, ‘একজনের সঙ্গে কঠিন প্রেম ছিল তোমার।’ কিছুটা বিস্মিত হয়ে শাকিব জিজ্ঞেস করেন, ‘কঠিন প্রেম ছিল?’ তখন পূর্ণিমা জানান, মেয়েটি মিডিয়ার বাইরের মানুষ, গুলশানের একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করতেন। সেই সময় শাকিবের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ও সহকর্মীও বিষয়টি জানতেন।

শাকিব খান অকপটে জানান, ‘মনে মনে আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। ওর পরিবার খুব ভালো, বনেদি পরিবার। দেখতে খুব সুন্দর ছিল। আমাকেও অনেক ভালোবাসত, আমিও।’ অভিনয়জীবনের কয়েক বছর পরে সেই মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শাকিবের। মেয়েটির পরিবার ছিল গুলশানের প্রতিষ্ঠিত ও উচ্চশিক্ষিত পরিবার। সম্পর্ক ভালোভাবেই এগোচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত নানা অভিমান আর পরিস্থিতির কারণে তা পরিণতি পায়নি।

প্রথম প্রেমের কথা বলতে গিয়ে শাকিব কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, ‘আমি ওখানেই সেটেল্ড হতে চেয়েছিলাম। মাঝে মাঝে একা বসে থাকলে ভাবি, আমি যেতে চাইলাম কোথায়? আমি কার সঙ্গে থাকতে চাইলাম, ভালোবাসলাম কাকে, আর আমি গেলাম কোথায়! কীভাবে ঘটনাটা ঘটল, আমি নিজেও বুঝতে পারিনি।’ পূর্ণিমা তখন যোগ করেন, ‘খুবই সুন্দরী ছিল কিন্তু।’

প্রথম প্রেমকে এখনো মিস করেন কি না—এমন প্রশ্নে শাকিবের জবাব, ‘হ্যাঁ, মিস করি। তবে এখন আর কোনো যোগাযোগ নেই, করতেও চাই না। তবে প্রায়ই তাদের বাড়ির সামনে দিয়ে যাতায়াত হয়।’ পূর্ণিমা জানতে চান, ‘এখনো যদি সে সিঙ্গেল থাকে, সুযোগটা কাজে লাগাবে?’ শাকিব বলেন, ‘জানি না, থাকতেও পারে। তবে সে আরও ভালো কিছু ডিজার্ভ করে।’ প্রথম প্রেম ভেঙে যাওয়ার জন্য কোনো অনুশোচনা আছে কি না—এমন প্রশ্নে অকপটে তিনি বলেন, ‘বেশি ভালোবাসা থাকলে ছোট ছোট বিষয় নিয়েও অভিমান হয়। ভালোবাসাটা বেশি ছিল বলেই হয়তো কী থেকে কী হয়ে গেল, আমি নিজেও বুঝতে পারিনি। এটা নিয়ে সত্যিই আমার অনুশোচনা হয়।’ শেষে ভাগ্যের প্রসঙ্গ টেনে শাকিব বলেন, ‘আমরা অনেকেই ভাগ্যে বিশ্বাস করতে চাই না। কিন্তু জীবনে কিছু ঘটনা ঘটে, তখন মনে হয়—কিছু বিষয় আল্লাহ তাঁর হাতেই রেখে দিয়েছেন।’