ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদে একটি খালি কফিন ভেসে আসার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল আটটার দিকে উপজেলার মরিচারচর (টানমলামারি) গ্রামের নিকটবর্তী এলাকায় নদীতে কফিনটি ভাসতে দেখেন বাসিন্দারা। ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে কৌতূহল ও আতঙ্কের সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দা আবদুল আউয়াল কৌতূহলবশত কফিনটি নদীর পানির ওপর থেকে সরিয়ে নিজ বাড়িতে নিয়ে আসেন। তিনি বাড়িতে কফিনটি খুলে দেখেন যে ভেতরে কিছুই নেই। এরপর এলাকাবাসীর পরামর্শে তিনি কফিনটি পুনরায় নদীতে ভাসিয়ে দেন। আউয়াল জানান, তিনি প্রথমে ঘটনার গুরুত্ব বুঝতে পারেননি এবং সেটি বাড়িতে নিয়ে যান।
স্থানীয় আরেক বাসিন্দা ইব্রাহীম খলিলের ধারণা, উজানের কোনো এলাকা থেকে স্রোতের টানে নদীতে কফিনটি ভেসে এসেছে। তবে কফিনটির উৎস বা কেন সেটি নদীতে ছিল সে সম্পর্কে কেউ কিছু বলতে পারেননি।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আজম বলেন, পুলিশের কাছে কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা খবর আসেনি। তবে তাঁরা স্থানীয়ভাবে বিষয়টি জেনেছেন। কফিনটি পুনরায় নদীতে ফেরত দেওয়ার পর স্রোতের সঙ্গে তা অন্যত্র চলে গেছে বলে তিনি জানান।
ঘটনার পর এলাকায় নানা আলোচনা চলছে। অনেকেই এটি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। তবে কেউ আনুষ্ঠানিকভাবে পুলিশে খবর না দেওয়ায় তদন্তের কোনো উদ্যোগ নেয়নি আইনশৃঙ্খলা বাহিনী।




