কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যাপক প্রসারের ফলে তথ্যের গোপনীয়তা রক্ষা এখন এক বড় চ্যালেঞ্জ। বিভিন্ন চ্যাটবট ও এআই এজেন্ট মানুষের লেখা ও ছবি সহজেই পড়তে সক্ষম। এই পরিস্থিতিতে কেবল মানুষের পাঠযোগ্য এমন এক অদ্ভুত ফন্ট তৈরি করেছেন কম্পিউটার বিজ্ঞানী এরিক লু। তাঁর দাবি, এই ‘গোস্ট ফন্ট’ এআইকে বিভ্রান্ত করতে পারে। ফলে ফন্টটিতে লেখা তথ্য মানুষ পড়তে পারলেও এআই তা পড়তে অক্ষম। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য এআইয়ের নাগালের বাইরে রাখা যাবে।
এরিক লু ব্যাখ্যা করেন, ‘গোস্ট ফন্ট’ স্থির অক্ষরের পরিবর্তে গতি ও ভিডিওর সমন্বয়ে বার্তা প্রদর্শন করে। এটি গতি, ভিডিও, শব্দ ও বিভ্রান্তিকর উপাদানের মিশ্রণ ব্যবহার করে কেবল মানুষের বোধগম্য বার্তা তৈরি করে। কারিগরি দৃষ্টিকোণ থেকে এটি প্রচলিত ফন্ট ফরম্যাটের মধ্যে পড়ে না, বরং একটি চিত্রভিত্তিক (গ্রাফিক্যাল) যোগাযোগ মাধ্যম। এআই সহজে এটি বুঝতে পারে না। সাধারণ বার্তার তুলনায় এটি ততটা স্পষ্ট নয়, কিন্তু মানুষের চোখ খুব দ্রুত এই অক্ষরগুলো পড়ে ফেলতে পারে। অন্যদিকে, শীর্ষস্থানীয় এআই মডেলগুলো বার্তা শনাক্ত করতে ব্যর্থ হয়।
নতুন ফন্টের পিক্সেল বা ডট কেবল গতিশীল অবস্থায় স্পষ্ট হয়। ভিডিও থামিয়ে দিলে বা স্ক্রিনশট নিলে সব ডট মিশে যায়, ফলে স্থির ছবিতে লেখাটি দেখা অসম্ভব। অতিরিক্ত সুরক্ষার জন্য এতে বিভ্রান্তিকর বার্তা বা ডিকয় মেসেজ যুক্ত করা হয়েছে। কোনো শক্তিশালী এআই মডেল ভেতরে বার্তা খুঁজতে গেলে প্রথম ডিকয় বার্তাটিকেই আসল ভেবে ভুল করবে। এরিক লু জানান, ফ্যাবল বা জিপিটি সোল ৫.৬ আলট্রার মতো শক্তিশালী মডেল থেকেও এভাবে মূল তথ্য লুকিয়ে রাখা সম্ভব।
ক্যাপচা সিস্টেমে এই প্রযুক্তির বিপুল সম্ভাবনা রয়েছে। বর্তমানে অনেক এআই সহজেই ক্যাপচা সমাধান করতে পারে। তাই নতুন ফন্টটি তথ্যের গোপনীয়তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।




