জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে তাপমাত্রা যখন বিপজ্জনক মাত্রা ছুঁয়ে চলেছে, তখন প্রচণ্ড গরম থেকে মানুষকে রক্ষা করতে এক অভিনব সমাধান নিয়ে এসেছে জাপানের দুটি প্রতিষ্ঠান। বিশ্বে প্রথমবারের মতো তৈরি হয়েছে ‘মানুষের ফ্রিজ’। এসডিআরএস ও ট্রাসকো নামের ওই দুই কোম্পানি এই যন্ত্রের নাম দিয়েছে ‘দো হিয়েমন’।

চেহারায় এটি অনেকটা সাধারণ ভেন্ডিং মেশিনের মতো, কিন্তু এটি মূলত একটি ব্যক্তিগত কুলিং বক্স। পুরু স্টিলের তৈরি প্রায় সাত ফুট উচ্চতার এই যন্ত্রের ভেতরে প্রবেশ করলে প্রচণ্ড গরমের মধ্যে কয়েক মিনিটেই গোটা দেহ শীতল হয়ে ওঠে। নির্মাতা প্রতিষ্ঠান এসডিআরএসের ভাষ্য অনুযায়ী, বাক্সের অভ্যন্তরে পাঁচ মিনিট কাটালেই শরীরে সুস্পষ্ট ঠান্ডা অনুভব করা যায়।

ট্রাসকোর দেওয়া তথ্যমতে, মাত্র ১০ মিনিটের ব্যবহার হিটস্ট্রোকের আশঙ্কা কমায় এবং প্রচণ্ড গরমে সৃষ্টি অবসাদ দূর করে। কেউ যেন অতিরিক্ত শীতলতায় আক্রান্ত না হন, সে কারণে যন্ত্রে ২০ মিনিট পর স্বয়ংক্রিয়ভাবে বাতাস চলাচল বন্ধ করার জন্য টাইমার স্থাপন করা হয়েছে।

গ্রীষ্মকালে জাপানের তাপমাত্রা বর্তমানে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যাচ্ছে। সরকারি পরিসংখ্যান বলছে, প্রতিবছর গড়ে দেড় হাজারেরও বেশি মানুষ দেশটিতে হিটস্ট্রোকে মারা যান। বিশেষত যাঁরা খোলা জায়গায় কাজ করেন, এই নতুন যন্ত্র তাঁদের চরম দাবদাহ থেকে সুরক্ষা দিতে পারবে বলে নির্মাতারা প্রত্যাশা করছেন।

যন্ত্রটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ১৩৯ মার্কিন ডলার, যা প্রতি ডলার ১২৩ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ১১ লাখ ২৪ হাজার টাকা। সূত্র: ডেইলি মেইল