চা বানানোর সময় কেতলিতে পানি ফুটলে অনেকেই লক্ষ করেন, চুলার ওপর রাখা অবস্থায় কেতলির নল থেকে যে পরিমাণ ধোঁয়া বেরোয়, চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গেই তার পরিমাণ বেড়ে যায়। দৈনন্দিন এই ঘটনা অনেকের কাছেই বিভ্রান্তিকর মনে হতে পারে, কারণ সাধারণ যুক্তিতে মনে হয় বেশি তাপে ধোঁয়াও বেশি হওয়া উচিত। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।

পানি ফুটানোর প্রক্রিয়াটি মূলত কয়েকটি ধাপে সম্পন্ন হয়। প্রথমে কেতলির ভেতর থেকে শোঁ শোঁ শব্দ ভেসে আসে, তবে এ সময় কোনো ধোঁয়া চোখে পড়ে না। ধীরে ধীরে কেতলির নল দিয়ে হালকা ধোঁয়া বেরোতে শুরু করে, যা ধীরে ধীরে ঘন হতে থাকে। এরপর পানি যখন পুরোপুরি ফুটতে থাকে, তখন শব্দ কমে আসে এবং ধোঁয়াও অনেকটা মিলিয়ে যায়। এই সময়টুকুতেই আমরা সাধারণত চা পাতার জন্য চুলা থেকে কেতলি নামাই, আর তখনই দেখা যায় ধোঁয়া আবারও বেড়ে গেছে।

বিজ্ঞানীরা বলছেন, ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি সম্পূর্ণ বাষ্পে পরিণত হয়। এই বিশুদ্ধ বাষ্প কিন্তু সম্পূর্ণ অদৃশ্য, এর কোনো রং বা গন্ধও থাকে না। আমরা যে সাদা ধোঁয়া দেখি, তা আসলে বিশুদ্ধ বাষ্প নয়, বরং বাষ্পের সঙ্গে মিশে থাকা অ-বাষ্পীভূত পানির অতি ক্ষুদ্র কণা। চুলার ওপর কেতলি থাকার সময় তাপমাত্রা বেশি থাকায় পানির প্রায় পুরোটাই দ্রুত বাষ্পে রূপ নেয় এবং সেই বাষ্প অদৃশ্য থাকে। ফলে ধোঁয়া কম দেখা যায়।

কিন্তু চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গে বাষ্পের তাপমাত্রা দ্রুত কমতে শুরু করে। ফলে বিশুদ্ধ বাষ্পের একটি বড় অংশ আবার ঘনীভূত হয়ে পানির ক্ষুদ্র ক্ষুদ্র ফোঁটায় পরিণত হয়। এই ঘনীভূত পানিকণাই কুয়াশার মতো দৃশ্যমান হয় এবং আমাদের চোখে ধোঁয়া হিসেবে ধরা পড়ে। তাপ যত দ্রুত কমতে থাকে, ঘনীভবনও তত দ্রুত ঘটে, তাই ধোঁয়া আরও ঘন ও দৃশ্যমান হয়ে ওঠে।

এই প্রক্রিয়াটি কেবল চা বানানোর মধ্যেই সীমাবদ্ধ নয়; রান্নাঘরের অন্য যেকোনো পাত্রে পানি ফুটলেও একই ঘটনা ঘটে। প্রকৃতপক্ষে, দৃশ্যমান ধোঁয়া নির্দেশ করে পানির বাষ্প আংশিক ঘনীভূত হয়েছে, যা তাপমাত্রা ও আর্দ্রতার ওপর নির্ভর করে পরিবর্তিত হয়। বিজ্ঞানসম্মতভাবে বললে, চুলায় থাকা অবস্থায় উচ্চ তাপে বাষ্প অদৃশ্য থাকে, আর নামানোর পর তাপমাত্রা কমে যাওয়ায় সেই বাষ্প দৃশ্যমান কুয়াশায় রূপ নেয়।