বিশ্বের সবচেয়ে পুরোনো রেস্তোরাঁ হিসেবে স্বীকৃতি পাওয়া স্পেনের মাদ্রিদের 'রেস্তোরান্তে সোব্রিনো দে বোতিন' প্রায় ৩০০ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে খাবার পরিবেশন করে আসছে। ১৭২৫ সালে যাত্রা শুরু করা এই রেস্তোরাঁটি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত এক দিনের জন্যও বন্ধ হয়নি। এই দীর্ঘ সময়ে নেপোলিয়নের আক্রমণ এবং ভয়াবহ স্প্যানিশ গৃহযুদ্ধের মতো ঘটনা প্রত্যক্ষ করেছে বোতিন, তবুও স্থানীয় মানুষ ও পর্যটকদের জন্য এর দরজা সবসময় খোলা ছিল। দীর্ঘ এই পথচলার স্বীকৃতিস্বরূপ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বোতিনকে বিশ্বের প্রাচীনতম চালু রেস্তোরাঁ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।

শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকার পেছনে রেস্তোরাঁটির মালিকানা কাঠামোর স্থিতিশীলতাকে অন্যতম কারণ হিসেবে মনে করা হয়। এই দীর্ঘ সময়ে মাত্র দুটি পরিবারের হাত দিয়ে গেছে এর মালিকানা, যা ঐতিহ্য ধরে রাখতে সহায়ক হয়েছে। প্রতিষ্ঠানটির অবস্থান যে ভবনে, সেটির নিচতলায় রয়েছে আঠারো শতকের পুরোনো ভূগর্ভস্থ সেল্টিক গুহা এবং খাবার ঘরগুলো তখনকার প্রাচীন রূপ এখনো ধরে রেখেছে।

তবে রেস্তোরাঁটির প্রতিষ্ঠাকাল নিয়ে কিছু বিতর্ক রয়েছে। রেস্তোরাঁর ভেতরে ১৫৯০ সালের একটি পুরোনো দলিল ঝুলানো আছে, যা কেবল ভবনটির পুরোনোত্ব প্রমাণ করে। অপরদিকে, বাইরের দেয়ালে খোদাই করা ১৭২৫ সালটি মূলত পাথরের দেয়ালটি বসানোর বছর বলে মনে করা হয়, যা পরবর্তীতে রেস্তোরাঁর বিপণন কাজে ব্যবহার করা হয়েছে।

বিতর্ক থাকলেও সাহিত্য ও সংস্কৃতিতে বোতিনের প্রভাব উল্লেখযোগ্য। বিখ্যাত লেখক বেনিতো পেরেজ গালদোসের উপন্যাসে এই রেস্তোরাঁর খাবারের উল্লেখ রয়েছে। ১৯৭১ সালে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সাহিত্যে এই অবদানের স্বীকৃতিতে রেস্তোরাঁটির দেয়ালে একটি স্মারক ফলক স্থাপন করে।

১৯৩০ সাল থেকে গঞ্জালেজ পরিবার রেস্তোরাঁটি পরিচালনা করছে। যদিও বর্তমান রূপে এটি পুরোদমে চালু হয় ১৮৬৫ সালের দিকে, তবুও বিশ্বজুড়ে ১৭২৫ সালকে প্রতিষ্ঠাবার্ষিকী হিসেবে ধরা হয়। ২০২৫ সালে ৩০০ বছর পূর্তি উপলক্ষে মাদ্রিদ সরকার ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটিকে মর্যাদাপূর্ণ 'অর্ডার অব দ্য সেকেন্ড অব মে' সম্মানের গ্র্যান্ড ক্রস পদকে ভূষিত করে। বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মাদ্রিদ সরকার এই সম্মান প্রদান করে থাকে।

বোতিনের মেনুতে রয়েছে বৈচিত্র্যময় খাবারের সমাহার। স্টার্টার হিসেবে রয়েছে স্পেশাল পনির, চিকেন ও হ্যাম ক্রোকেট, স্মোকড স্যামন এবং বিভিন্ন সালাদ। অতিথিদের কাছে জনপ্রিয় রসুনের স্যুপ, মুরগি এবং ঠান্ডা টমেটো স্যুপ গাজপাচোও পাওয়া যায়। মূল আকর্ষণ হলো পুরোনো কাঠের চুলায় তৈরি রোস্ট ও গ্রিল করা মাংস, যেমন- সবজি দিয়ে রোস্ট মুরগি, তিতির পাখির স্ট্যু, ভেড়ার রোস্ট এবং বিফ স্টেক। সামুদ্রিক খাবারের মধ্যে রয়েছে চিংড়ি, স্কুইড ফ্রাই, ক্ল্যামস ও কডফিশ। ডেজার্টের তালিকায় স্পঞ্জ কেক ও ক্রিমের বুটি কেক, ঐতিহ্যবাহী চিজকেক, কাস্টার্ড, তিরামিসু, রাইস পুডিং এবং আইসক্রিম। প্রতিদিন গড়ে ৮০০ জন মানুষ এই রেস্তোরাঁয় খাবার খেতে আসেন।