রাজধানীর গণপরিবহনে নারী যাত্রীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ব্যবস্থা নিশ্চিত করতে আগামী মঙ্গলবার চালু হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ 'মহিলা বাস' সার্ভিস। তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে সকাল ১০টায় এ সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। রোববার সংস্থাটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সরকারের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার পূরণের অংশ হিসেবে এই বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। গোলাপি রঙের এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে পুরোপুরি নারীদের দায়িত্ব পালনের কথা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের। এছাড়াও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক এবং বিআরটিসির চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
বিআরটিসির পক্ষ থেকে বলা হয়েছে, নারী যাত্রীদের জন্য নিরাপদ এবং আরামদায়ক গণপরিবহন নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এই উদ্যোগের প্রধান লক্ষ্য। উদ্বোধন শেষে নির্ধারিত রুটগুলোতে এসব গোলাপি রঙের বাস চলাচল শুরু করবে।




