পুলিশের শীর্ষ কর্মকর্তা মো. আলী হোসেন ফকির রোববার বিকেলে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিনি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে আঞ্চলিক স্ক্যাম সেন্টার কম্পাউন্ড ও আন্তদেশীয় সংগঠিত অপরাধবিষয়ক শীর্ষ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুসারে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং রয়্যাল থাই পুলিশের যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। ২০ ও ২১ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।

সম্মেলনের মূল লক্ষ্য হলো স্ক্যাম সেন্টার ও আন্তদেশীয় অপরাধী চক্রের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় কার্যকর অপারেশনাল সমন্বয়, আঞ্চলিক কৌশল প্রণয়ন এবং সমন্বিত যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা। আইজিপি সফরকালে রয়্যাল থাই পুলিশের প্রধানের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে। এতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হবে। আইজিপির ২২ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।