ইলেক্ট্রো মার্ট গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নুরুল আফছার ‘এশিয়া ইমপ্যাক্টফুল অ্যান্ড ইনফ্লুয়েনশিয়াল সিইও অব দ্য ইয়ার’ সম্মাননায় ভূষিত হয়েছেন। সদ্যসমাপ্ত ‘এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’-এর অংশ হিসেবে এই স্বীকৃতি প্রদান করা হয়। কম্বোডিয়ার রাজধানী নমপেনের শাংরি-লা হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ২৮টি ভিন্ন দেশের আনুমানিক ২৮০ জনের বেশি শীর্ষ নির্বাহী ও করপোরেট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অর্থনীতি, ব্যবসা ও উদ্ভাবন খাতে অসাধারণ অবদানের জন্য ৫০ বছরের নিচে বয়সী ৫০ জন নির্বাহীকে এই অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়। এই আসরের মূল লক্ষ্য হলো প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা, মালিক এবং তরুণ সিইওদের নেতৃত্বগুণ, ব্যবসায়িক পুনরুদ্ধারের সক্ষমতা এবং টেকসই উন্নয়নকে বিশ্বপরিসরে তুলে ধরা। কম্বোডিয়ার শিল্প, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন মন্ত্রী হেম ভান্দি উদ্বোধনী ভাষণ দেন।
ইলেক্ট্রো মার্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম মন্তব্য করেন, নুরুল আফছারের দূরদর্শী ও উদ্ভাবনী নেতৃত্ব প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে এবং উৎকর্ষের সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাঁর ভাষ্যে, এই পুরস্কার ও স্বীকৃতি নুরুল আফছারের অসামান্য অবদানেরই প্রতিফলন।
সম্মাননা গ্রহণ করে নুরুল আফছার বলেন, এই স্বীকৃতি তাদের আরও দায়িত্ববোধের সাথে কাজ করতে উৎসাহিত করবে। তিনি জানান, আগামী দিনগুলোতে বাংলাদেশের ইলেকট্রনিকস ও গৃহস্থালি যন্ত্রপাতি খাতের অগ্রযাত্রায় তারা একযোগে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।




