ফ্যান্টাজম হরর সিনেমা সিরিজের জনপ্রিয় চরিত্র রেগির ভূমিকায় অভিনয় করা অভিনেতা রেগি ব্যানিস্টার মারা গেছেন। রোববার সকালে নিজ বাড়িতে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর।
তার স্ত্রী গিগি ব্যানিস্টার টিএমজেডকে জানিয়েছেন, রেগি লুই বডি ডিমেনশিয়া ও পার্কিনসন রোগে ভুগছিলেন। এছাড়াও ভিয়েতনাম যুদ্ধে সামরিক বাহিনীতে চাকরির সময় তিনি এজেন্ট অরেঞ্জের সংস্পর্শে এসেছিলেন বলেও জানান গিগি।
১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত ফ্যান্টাজম সিনেমায় আইসক্রিম বিক্রেতা রেগি চরিত্রে প্রথম দেখা যায় তাকে। ছবিতে ১৩ বছর বয়সী মাইক পিয়ারসন এবং তার বড় ভাই জোডির সাথে মিলে দুষ্ট মরচুনিয়ান টল ম্যানকে ধ্বংস করার চেষ্টা করে রেগি। টল ম্যানের ভূমিকায় অভিনয় করেছিলেন অ্যাঙ্গাস স্ক্রিম।
১৯৭৫ সালে ডন কসকারেলি পরিচালিত 'জিম, দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট' সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে রেগি ব্যানিস্টারের। পরবর্তীতে ১৯৭৬ সালে কসকারেলির 'কেনি অ্যান্ড কো' ছবিতেও একসঙ্গে কাজ করেন তারা। এরপর ১৯৭৯ সালে ফ্যান্টাজম সিরিজের প্রথম কিস্তি মুক্তি পেলে পরিচালক-অভিনেতা-অভিনেতা এই ত্রয়ী আবারও পর্দায় একত্র হন।
ফ্যান্টাজম সিরিজের সব কটি ছবিতেই রেগি চরিত্রে অভিনয় করেছেন ব্যানিস্টার — ১৯৭৯ সালের ফ্যান্টাজম, ১৯৮৮ সালের ফ্যান্টাজম টু, ১৯৯৪ সালের ফ্যান্টাজম থ্রি: লর্ড অব দ্য ডেড, ১৯৯৮ সালের ফ্যান্টাজম: অবলিভিয়ন এবং ২০১৬ সালের ফ্যান্টাজম: র্যাভেজার। তার অভিনয় জীবনে মোট ৫০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন তিনি।
এর মধ্যে রয়েছে কসকারেলির ২০০২ সালের হরর কমেডি 'বাবা হো-টেপ', যেখানে ব্রুস ক্যাম্পবেলের সাথে অভিনয় করেন তিনি। এছাড়া 'উইশমাস্টার', 'ফলেন অ্যাঞ্জেল', 'কার্নিজ', 'সব্লেড', 'প্রিমিটিভ', 'দ্য অবসিডিয়ান কার্স'-এর মতো হরর ছবিতে অভিনয় করেছেন। 'ব্লাডি ব্লাডি বাইবেল ক্যাম্প', 'ডক্টর স্পাইন', 'বোনজ্যাঙ্গলস'-এর মতো হরর কমেডিতেও দেখা গেছে তাকে। তার অভিনয়ের শেষ ছবি ছিল ২০২০ সালের হরর থ্রিলার 'কিলার ওয়েভস টু'।
১৯৪৫ সালের ২৯ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার লং বিচে জন্মগ্রহণ করেন রেজিনাল্ড হোরেস ব্যানিস্টার। ফ্যান্টাজম সিরিজের চতুর্থ ও পঞ্চম ছবির মেকআপ ও বিশেষ প্রভাব নিয়ে কাজ করতেন তার স্ত্রী গিগি। ১৯৯৫ সালে হরর কিংবদন্তি মাইকেল বেরিম্যানের মাধ্যমে তাদের পরিচয় হয় বলে টিএমজেড জানিয়েছে। ২০০১ সালে গিগি ও রেগির বিয়ে হয়।




