মহারাষ্ট্রের খান্ডালার সবুজ পাহাড়ে অবস্থিত বলিউড অভিনেতা সুনীল শেঠির খামারবাড়ি ‘জাহান’ মুম্বাই থেকে দেড় থেকে দুই ঘণ্টার পথ। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে থাকা এই বাড়িটির আনুমানিক মূল্য ২০ কোটি রুপি। নির্মাণে বায়োফিলিক ডিজাইন অনুসরণ করা হয়েছে, যেখানে গাছপালা, পানি, প্রাকৃতিক আলো ও পাথরের মতো উপাদানকে স্থাপত্যের অংশ করা হয়।
বাড়িটির সবচেয়ে চমকপ্রদ দিক হলো এর ছাদ ভেদ করে উঠে আসা বিশাল কয়েকটি গাছ। নির্মাণকালে এগুলো কেটে ফেলা হয়নি বরং সংরক্ষণ করা হয়েছে। এছাড়া বাড়ির মেঝের নিচ দিয়ে একটি প্রাকৃতিক ঝরনা স্বাভাবিক গতিতে বয়ে চলেছে, যার প্রবাহে কোনো বাধা দেওয়া হয়নি। নির্মাণস্থলে আগে থেকে থাকা একটি বড় পাথরকেও স্থানান্তর না করে বাড়ির স্থাপত্যের অংশ হিসেবে রেখে দেওয়া হয়েছে।
চারপাশে টবে সাজানো লতাগুল্ম ও গাছপালা এবং লাল, বাদামি, সাদা ও সবুজ মাটির রঙের সমন্বয়ে বাড়িটি প্রকৃতির সঙ্গে আরও গভীরভাবে মিশে গেছে। উঁচু ছাদ, বড় দরজা-জানালা ও প্রাকৃতিক আলোয় ভরপুর কক্ষগুলোতে বিশাল সোফা, ঐতিহ্যবাহী শিল্পকর্ম ও কাঠের তৈরি আসবাবের সঙ্গে মার্বেল মেঝে উষ্ণতা ও আভিজাত্যের ছোঁয়া এনেছে।
বসার ঘরের একটি দেয়ালজুড়ে সুনীল শেঠির সংগ্রহ করা নানা মুখোশ শোভা পাচ্ছে। বাগানে অবস্থিত ইনফিনিটি সুইমিংপুলের পাশে নজর কাড়ে একটি পূর্ণাঙ্গ বুদ্ধমূর্তি। খোলা আকাশের নিচে বসার জায়গাটি বাড়ির অন্যতম আকর্ষণ—বোতাম টিপলেই স্বয়ংক্রিয়ভাবে ছাদ সরে যায় এবং ওপরের দৃশ্য খুলে যায়। সুইমিংপুল, ব্যক্তিগত থিয়েটার কক্ষ এবং প্রকৃতির সঙ্গে মিশে থাকা—সব মিলিয়ে ‘জাহান’ শুধু বিলাসবহুল খামারবাড়ি নয়, প্রকৃতির সঙ্গে সহাবস্থানের এক অসাধারণ উদাহরণ।




