নীলফামারীর সৈয়দপুর শহরের শতবর্ষী গাছগুলি কাটার নিলাম স্থগিত করে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। গাছগুলো কাটার সিদ্ধান্তের বিরুদ্ধে স্থানীয় মহলে সমালোচনা ও সংরক্ষণের দাবি ওঠার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। রেলওয়ের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী (ইনচার্জ) মো. তহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ও ১৪ জুলাই অনুষ্ঠেয় নিলাম অনিবার্য কারণে স্থগিত করা হলো। গত ৫ জুলাই প্রকাশিত বিজ্ঞপ্তির আওতায় এই নিলাম ডাকা হয়েছিল। নতুন নিলামের তারিখ পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বিজ্ঞপ্তির অনুলিপি রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগ, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভা, স্টেশনমাস্টার এবং প্রেসক্লাবে পাঠানো হয়েছে।
সৈয়দপুর শহরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এই গাছগুলো। ব্রিটিশ আমলে ১৮৭০ সালে আসাম-বেঙ্গল রেলওয়ে এখানে তাদের বৃহত্তম কারখানা প্রতিষ্ঠা করে। সেই সময় কর্মকর্তা ও শ্রমিকদের জন্য পরিকল্পিতভাবে শহর গড়ে তোলা হয়। সেসময় বিদ্যুৎ না থাকায় শহরের সড়কবাতি জ্বলত কুপিবাতির মাধ্যমে। সে সময় গোটা শহরে প্রচুর গাছ লাগানো হয়েছিল। বর্তমানে সেই গাছগুলোর অনেকগুলো ঝুঁকিপূর্ণ বলে মনে করছে রেলওয়ে কর্তৃপক্ষ। বন বিভাগের অনুমতি নিয়েই ৩৩টি গাছ কাটার উদ্যোগ নেওয়া হয়।
প্রথম আলোর অনলাইন ও ছাপা সংস্করণে এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর ঘটনাটি ব্যাপক আলোচিত হয়। স্থানীয় বাসিন্দারা গাছ কাটার বদলে সেগুলো সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছেন। রেলওয়ে অবশ্য নিলাম স্থগিতের সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করেনি।




