চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় এক পুকুর থেকে দুই বোনের মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম কলাউজান বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন আমেনা আক্তার (১১) ও আয়েশা বেগম (১০)। তারা চুনতি ইউনিয়নের ফারেঙ্গা এলাকার মো. ইউনুছের কন্যা।
পরিবার সূত্রে জানা গেছে, তাদের বাবা কলাউজানের একটি হেফজখানায় কর্মরত। সে সুবাদে পরিবারটি কলাউজান এলাকায় একটি ভাড়া বাসায় থেকে আসছিলেন। দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কলাউজান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলম। তিনি জানান, দুই বোনই সাঁতার জানতেন না। বাসার কাছেই পুকুরে গোসল করতে গিয়ে তারা পানিতে ডুবে মারা যান।
খোরশেদ আলম আরও বলেন, বাসায় দীর্ঘ সময় না ফেরায় পরিবারের লোকজন তাদের খোঁজ শুরু করেন। একপর্যায়ে এক ব্যক্তি ওই পুকুরে গোসল করতে নেমে অচেতন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করেন। দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।




