অনেকের মনেই ইলেকট্রনের একটি নির্দিষ্ট চেহারা কল্পনা করার প্রবণতা দেখা যায়—মার্বেল বা গোলকের ন্যায় একটি ছোট্ট বল। কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল বলে প্রতিপন্ন হয়েছে। বস্তুত, কোয়ান্টাম বলবিদ্যা আমাদের শিখিয়েছে, প্রকৃতির অতি ক্ষুদ্র জগতের নিয়ম আমাদের দৈনন্দিন অভিজ্ঞতার সম্পূর্ণ বিপরীত। পরমাণুর কেন্দ্রের নিউক্লিয়াসের ভেতরে শক্তিশালী নিউক্লীয় বলের টানে প্রোটন ও নিউট্রন একত্রে অবস্থান করে। অন্যদিকে, নিউক্লিয়াসের বাইরের শক্তিস্তরে ইলেকট্রনগুলো একই সঙ্গে তরঙ্গ ও কণার মতো করে সুপারপজিশনে বিরাজ করে। অর্থাৎ, একটি ইলেকট্রন পুরো শক্তিস্তর জুড়েই থাকতে পারে, তাকে কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে খুঁজে পাওয়ার সম্ভাবনা গাণিতিকভাবে বর্ণিত হয়। একেই রূপক অর্থে ইলেকট্রন মেঘ বলা হয়, যা দৃশ্যমান কোনো বস্তু নয়।

ব্রিটিশ বিজ্ঞানী জে জে টমসন ১৮৯৭ সালে ইলেকট্রন আবিষ্কারের পর এর ভর ও চার্জের অনুপাত বের করতে সক্ষম হন। তার হিসাব অনুযায়ী, একটি ইলেকট্রনের ভর হাইড্রোজেন আয়নের (প্রোটনের) প্রায় ১,৮০০ ভাগের এক ভাগ, যদিও চার্জের পরিমাণ প্রোটনের সমান কিন্তু ঋণাত্মক। পরবর্তী সময়ে, কোয়ান্টাম বলবিদ্যার বিকাশের সাথে সাথে, ইলেকট্রনসহ অন্যান্য মৌলিক কণাগুলোকে পয়েন্ট-লাইক বা বিন্দু কণা হিসেবে আখ্যায়িত করা হয়। জ্যামিতিক বিন্দুর মতো এদের আয়তন, দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা নেই। গোলাকার হওয়ার জন্য যেমন একটি কেন্দ্র ও ব্যাসার্ধের প্রয়োজন হয়, সেই শর্তগুলো বিন্দু কণাদের পূরণ করে না। ফলে ইলেকট্রনকে মার্বেল হিসেবে কল্পনা করাটা শুরুতেই একটি ভ্রান্ত ধারণা তৈরি করে।

বিজ্ঞানী জিম আল-খলিলির মতে, মানুষ চিরায়ত বস্তুজগতের দৃশ্যমান অভিজ্ঞতার খাঁচায় বন্দি থেকেই যেকোনো কিছুকে বিচার করতে চায়। কিন্তু কোয়ান্টাম জগৎ সেই কল্পনার সীমা সম্পূর্ণ ভেঙে দিয়েছে। ইলেকট্রন শুধু একটি কণা নয়, বরং এটি একই সাথে তরঙ্গের মতো আচরণ করে, যা ডাবল স্লিট পরীক্ষায় প্রমাণিত হয়। ওয়াইর্নব বিন্দু কণাদের আচরণ সম্পর্কে বলেছেন, প্রকৃতির মৌলিক উপাদানগুলো আমাদের চেনা কোনো বস্তুর সাথে তুলনীয় নয়।

কোয়ান্টাম ফিল্ড থিওরি অনুসারে, সমগ্র মহাবিশ্বব্যাপী একটি ইলেকট্রন ক্ষেত্র বিদ্যমান। এই ক্ষেত্রে যখন স্থান-কালের কোনো বিন্দুতে উত্তেজনা বা স্পন্দনের সৃষ্টি হয়, তখনই একটি ইলেকট্রনের জন্ম হয়। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি ও শ্রোডিঙ্গারের তরঙ্গ ফাংশন আরও স্পষ্ট করে, একটি ইলেকট্রনের নির্দিষ্ট অবস্থান ও ভরবেগ একই সাথে নিখুঁতভাবে জানা সম্ভব নয়। একটিকে জানতে গেলে অপরটি অনিশ্চিত হয়ে পড়ে। ফলে ইলেকট্রনের কোনো নির্দিষ্ট আকার নেই এবং আকার নিয়ে ভাবনা করাটাই বাস্তবতা থেকে দূরের ভাবনা। বিন্দু কণা হিসেবে একই বিন্দুতে একাধিক ইলেকট্রনও থাকতে পারে, তবে সেক্ষেত্রে পাউলির বর্জন নীতি অনুযায়ী তাদের স্পিন আলাদা হতে হবে। শেষ পর্যন্ত, ইলেকট্রনকে মার্বেল নয়, বরং কোনো নির্দিষ্ট আকারবিহীন একটি কোয়ান্টাম সত্তা হিসেবেই বুঝতে হবে।