ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত বৃহস্পতিবার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেছেন। ফলে এ পর্যন্ত মোট ১৯ বার পেছালো এই প্রতিবেদন জমার তারিখ।

আদালত সূত্রে জানা গেছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি, তাই আদালত নতুন তারিখ দিয়েছেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গুলিবিদ্ধ হন ওসমান হাদি। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হলে সেখানেই ১৮ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার দুই দিন পর ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের তৎকালীন সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ওসমান হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়।

এর আগে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) গত ৬ জানুয়ারি ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছিল। কিন্তু মামলার বাদী এই অভিযোগপত্রে সন্তুষ্ট না হয়ে আদালতে নারাজি দেন। এরপর আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেয় এবং তখন থেকেই মামলাটি সিআইডি তদন্ত করছে। তদন্ত কর্মকর্তা ওসমান হাদির জবানবন্দি আমলে নিয়েছেন বলে জানা গেছে।