রাজধানীর নিউমার্কেট এলাকায় জুলাই আন্দোলনের সময় ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় যুব মহিলা লীগের (বর্তমানে নিষিদ্ধ) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সৈয়দ মোনালিসা ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী।
বৃহস্পতিবার পুলিশের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন জুনায়েদ শুনানি শেষে এই আদেশ দেন। এদিন মোনালিসার পক্ষে তার আইনজীবী তরিকুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানান। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ এতে বিরোধিতা করে। উভয় পক্ষের যুক্তি উপস্থাপনের পর আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার মোনালিসা ইসলামকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এর আগে গত ১২ আগস্ট আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখান। পরদিন ১৩ আগস্ট তদন্ত কর্মকর্তা রিমান্ডের আবেদন করলে আদালত শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করে দিয়েছিলেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টার দিকে জুলাই আন্দোলনের সময় নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে হামলাকারীদের ছোড়া গুলিতে ব্যবসায়ী আবদুল ওয়াদুদ নিহত হন। এই ঘটনায় তার শ্যালক আবদুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে রাজধানীর ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে মোনালিসা ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।




