রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বহুতল ভবনের নবম তলার ফ্ল্যাট থেকে রত্না আক্তার (১৭) নামের এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৬টার দিকে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায় নিউমার্কেট থানা-পুলিশ। সিলেটের বাসিন্দা রত্না আক্তার ওই ফ্ল্যাটে প্রায় আড়াই মাস ধরে কাজ করছিলেন।
স্থানীয় থানা সূত্রে জানা গেছে, এলিফ্যান্ট রোডের ওই ভবনের নবম তলায় এক বৃদ্ধা নারী একা থাকেন। তাঁর দেখাশোনার জন্য দুইজন গৃহকর্মী নিযুক্ত ছিলেন, তাঁদের একজন ছিলেন রত্না। দুজন গৃহকর্মী রাতে একই কক্ষে ঘুমাতেন। শুক্রবার রাতেও স্বাভাবিকভাবে তাঁরা একসঙ্গে ঘুমিয়ে পড়েন। তবে শনিবার সকালে ঘুম থেকে উঠে পাশের একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে রত্নার ঝুলন্ত মরদেহ দেখতে পান অপর গৃহকর্মী। এরপর বাড়ির মালিক ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় রত্নাকে পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।




