গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ডাকাতির উদ্দেশ্যে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নারী কামরুন নাহার আক্তার (৩৫) উপজেলার নাগরী ইউনিয়নের নগরবেলা গায়েনবাড়ি এলাকার রড-সিমেন্ট ব্যবসায়ী মঞ্জুরুল ইসলামের (৪১) স্ত্রী। এই হামলায় ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম ও তার ১৬ বছর বয়সী মেয়ে সানজিদা আক্তার গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার ভোররাত আনুমানিক চারটার দিকে মঞ্জুরুল ইসলামের টিনশেড বাড়ির গ্রিলের গেটের তালা ভেঙে ১০ থেকে ১২ সদস্যের একটি ডাকাত দল ভেতরে প্রবেশ করে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ডাকাত দলটি ঘটনার সময় আশপাশের কয়েকটি বাড়ির লোকজনকেও আটকে রেখেছিল। ডাকাতদের কাজে বাধা দিতে গিয়ে গৃহবধূ চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের ওপর এলোপাতাড়ি আঘাত করে। কামরুন নাহার ঘটনাস্থলেই মারা যান।

চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে ডাকাত দলটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক মো. ফয়জুর রহমান জানান, দুর্বৃত্তদের হামলায় এক নারী নিহত হয়েছেন এবং তার স্বামী ও মেয়েকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। বাড়ির সদস্যরা হাসপাতালে থাকায় বাড়ি থেকে কোনো মালামাল চুরি হয়েছে কিনা তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, হামলার ধরন বিশ্লেষণ করে প্রাথমিকভাবে মনে হচ্ছে ডাকাত সাজিয়ে এসে দুর্বৃত্তরা এই অপরাধ সংঘটিত করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে তদন্ত শুরু হয়েছে। ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাচ্ছেন এবং তারা ভেতরে প্রবেশের পর ঘটনার পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে বলে জানান তিনি। জড়িতদের শনাক্ত করতে আইনি প্রক্রিয়া চলছে।