বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় একটি বসতঘর থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে রাড়ীপাড়া ইউনিয়নের চান্দেরকোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের মৃত আবদার আলী হাওলাদারের ছেলে আহাদ হাওলাদার (২৫), তার মা মনিরা বেগম (৬০) এবং নানি রাশিদা বেগম (৯৩)। তাদের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখা গেছে এবং মৃতদেহে পচন ধরেছে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে প্রতিবেশীরা ওই বাড়ির বারান্দায় এক বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ঘরের ভেতরে আরও দুজনের লাশ দেখতে পায়। কচুয়া থানা পুলিশের উপপরিদর্শক মাহমুদ হাসান স্থানীয়দের বরাতে বলেন, মূল রাস্তা থেকে বাড়িটা কিছুটা ভেতরে অবস্থিত হওয়ায় সেখানে লোকজনের আনাগোনা কম থাকায় ঘটনাটি দেরিতে নজরে আসে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, ঘটনাটি সম্ভবত দুই থেকে তিন দিন আগে ঘটেছে। ঘটনার কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।