বিশ্বকাপে দুর্দান্ত গতিতে ছুটে চলা ফ্রান্সের জয়যাত্রায় সবচেয়ে বড় ভূমিকা রাখছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের এই ফরাসি সুপারস্টারকে প্রশংসায় ভাসিয়েছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার ও ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও।

এবারের বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে চারটি গোল ও দুটি অ্যাসিস্ট করা এমবাপ্পেকে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর যোগ্য উত্তরসূরি মনে করা হচ্ছে। ব্রাজিলের 'আসল' রোনালদো এই ফরাসি ফরোয়ার্ডের মধ্যে খুঁজে পেয়েছেন নিজের ছায়াও। সেনেগাল ও ইরাকের বিপক্ষে জোড়া গোল করে আসর শুরু করা এমবাপ্পে নরওয়ের বিপক্ষে গোল না পেলেও সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি গোল।

এমবাপ্পের শারীরিক ও টেকনিক্যাল দক্ষতার প্রশংসা করে রোনালদো বলেন, তার খেলার ধরন আমাকে আমার সেরা সময়ের কথা মনে করিয়ে দেয়। বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার সে এবং এই খেলার কিংবদন্তিদের একদম যোগ্য উত্তরসূরি।

আর্জেন্টাইন অধিনায়ক মেসির সঙ্গেও গোল্ডেন বুট ও গোল্ডেন বল জেতার লড়াইয়ে সমানে সমান লড়ছেন এমবাপ্পে। এই দুই তারকাকে নিয়ে ফরাসি সংবাদমাধ্যম লে'কিপকে রোনালদো বলেন, কোনো সন্দেহ ছাড়াই এরা দুজনেই এমন খেলোয়াড়, যারা পরিসংখ্যানের ঊর্ধ্বে। মেসি এখনও সমান প্রভাবশালী এবং ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেওয়া খেলোয়াড়।

এদিকে, চলতি বিশ্বকাপে শুধু এমবাপ্পে একা নন, আলো ছড়াচ্ছেন রিয়াল মাদ্রিদের অন্যান্য সতীর্থরাও। ক্লাব হিসেবে আসরে রিয়ালের খেলোয়াড়েরা যৌথভাবে ১১টি গোল করেছেন। এর বড় অংশ এসেছে এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের পা থেকে। দুজনেই এখন পর্যন্ত চারটি করে গোল করেছেন। এছাড়া জুড বেলিংহাম করেছেন দুটি এবং আরদা গুলের পেয়েছেন একবার জালের দেখা। ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে রিয়ালের খেলোয়াড়দের করা ১২ গোলের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ার খুব কাছে দাঁড়িয়ে আছে ক্লাবটি।