বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ-যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। রোববার সকাল থেকেই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্দেশনা মেনে সব ধরনের নৌযানের চলাচল বন্ধ রাখা হয়। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল জানিয়েছেন, সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বলবৎ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর কথায়, এ কারণে হাতিয়ার বিভিন্ন ঘাট থেকে কোনো নৌযান ছেড়ে যায়নি। ইউএনও আরও বলেন, নিম্নচাপের প্রভাবে সারাদিন মাঝে মাঝে হালকা আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সাগরের অবস্থাও উত্তাল রয়েছে।

হাতিয়ার হরণী ইউনিয়নের চেয়ারম্যানঘাট এলাকার বাসিন্দারা জানান, সকালে জেলা শহর ও আশপাশের এলাকা থেকে বহু যাত্রী চেয়ারম্যানঘাট ও নলচিরা ঘাটে ভিড় করেছিলেন। কিন্তু নৌযান চলাচল বন্ধের ঘোষণা শুনে অধিকাংশই বাড়ি ফিরে যান। নদীর উত্তাল অবস্থার কারণে সি-ট্রাক, ফেরি, স্পিডবোট ও যাত্রীবাহী ট্রলারসহ কোনো নৌযানই চলাচল করেনি। নদী পার হতে ব্যর্থ হয়ে চেয়ারম্যানঘাট থেকে জেলা শহরে ফিরে আসা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা জাফর আহমেদ জানান, জরুরি কাজে সকালে তিনি চেয়ারম্যানঘাটে গিয়েছিলেন। সেখানে গিয়ে শুনতে পান কোনো নৌযান চলছে না। অনেকক্ষণ অপেক্ষার পর বিকেলে তিনি জেলা শহরে ফিরে আসেন। আবহাওয়া স্বাভাবিক হলে আবার হাতিয়ায় যাওয়ার চেষ্টা করবেন বলে জানান তিনি।

নোয়াখালী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উচ্চ পর্যবেক্ষক মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত এবং নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত এখনো বহাল রয়েছে। এই পরিস্থিতিতে নোয়াখালীর উপকূলীয় অঞ্চলে আগামী কয়েক দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।