নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক স্বাস্থ্যকর্মীকে মারধরের ঘটনায় চিকিৎসকেরা কর্মবিরতি পালন করেছেন। রোববার সকালে ওই হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। মারধরের শিকার উপসহকারী কমিউনিটি মেডিক্যাল কর্মকর্তা আবদুল্লাহ আল কামালকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে উপজেলার চামুরকান্দি এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন তাঁর স্ত্রী ফিরোজা বেগমকে পেটব্যথা নিয়ে জরুরি বিভাগে নিয়ে যান। সেদিন দায়িত্বরত আবদুল্লাহ আল কামাল ফিরোজা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিল্লাল হোসেনকে বাইরে থেকে ইনজেকশন কিনে আনতে পাঠান। ইনজেকশন নিয়ে ফিরে এসে বিল্লাল দেখতে পান যে আবদুল্লাহ আল কামাল অন্য এক গুরুতর রোগীর চিকিৎসায় ব্যস্ত। এতে ক্ষুব্ধ হয়ে বিল্লাল ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন আবদুল্লাহ আল কামালের ওপর হামলা চালান। তারা তাকে কিল, ঘুষি ও লাথি মারলে তিনি গুরুতর আহত হন।

সহকর্মী চিকিৎসক ও আনসার সদস্যরা তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে প্রথমে জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে শয্যা না পাওয়ায় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনার প্রতিবাদে হাসপাতালের চিকিৎসকেরা জরুরি বিভাগ চালু রেখে বহির্বিভাগসহ অন্যান্য চিকিৎসাসেবা সাময়িকভাবে বন্ধ রাখেন। এতে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তিতে পড়তে হয়। খবর পেয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন হাসপাতাল পরিদর্শন করেন। ইউএনও ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বেলা একটার পর চিকিৎসকেরা কর্মবিরতি প্রত্যাহার করেন।

অভিযোগ অস্বীকার করে আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া দাবি করেন, তাঁর ছোট ভাইয়ের স্ত্রী ফিরোজাকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক সেখানে উপস্থিত ছিলেন না। চিকিৎসকের সহকারী চিকিৎসা না দিয়েই তাঁদের বের করে দিলে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে বলে তিনি জানান। তাঁর মতে, চিকিৎসকেরা পরে মারধরের অভিযোগ তুলে কর্মবিরতি শুরু করেন। বর্তমানে হাসপাতালের চিকিৎসাসেবা স্বাভাবিক রয়েছে এবং তাঁর ভাইয়ের স্ত্রী হাসপাতালে ভর্তি আছেন।

ওসি সবজেল হোসেন বলেন, চিকিৎসককে মারধরের বিষয়টি জানা গেছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।