অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়েছে বিশ্বখ্যাত গণদৌড় ‘সিটি টু সার্ফ’। স্থানীয় সময় রোববার সকালে হাইড পার্ক থেকে শুরু হওয়া এই ১৪ কিলোমিটার দীর্ঘ প্রতিযোগিতা শেষ হয় বন্ডাই সৈকতে গিয়ে। ১৯৭১ সালে প্রথমবারের মতো আয়োজিত হওয়া এই দৌড়ে এবার প্রায় ৯০ হাজার মানুষ অংশগ্রহণ করেন। পেশাদার অ্যাথলেটদের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষ এতে শামিল হন।

এবারের আসরে পুরুষ বিভাগে ৪০ মিনিট ২৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অধিকার করেন অ্যান্ডি বুকানন। অপরদিকে নারী বিভাগে ৪৬ মিনিট ৩৫ সেকেন্ড সময়ে সেরা হন হোলি ক্যাম্পবেল। আয়োজকদের বরাত দিয়ে জানা যায়, এ বছর দৌড়টি থেকে বিভিন্ন সামাজিক ও দাতব্য সংস্থার জন্য ৩০ কোটি টাকার বেশি অর্থ সংগ্রহ করা সম্ভব হয়েছে।

বিশাল এই আয়োজনে বাংলাদেশি প্রবাসীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সিডনিতে বসবাসরত অভিনেতা দম্পতি জন মার্টিন ও মৌসুমি মার্টিন জানান, পথটি বেশ কঠিন ছিল, কিন্তু রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষের উৎসাহ-উদ্দীপনা সব ক্লান্তি দূর করে দিয়েছে। দৌড়ের মাঝপথে ৮২ বছর বয়সী এক প্রবীণ দৌড়বিদকে দেখে জন মার্টিন মন্তব্য করেন, যিনি ৫২ বার এই দৌড়ে অংশ নিয়েছেন, তিনি সত্যিই সবার জন্য দারুণ অনুপ্রেরণা।

আরেক প্রতিযোগী সাবরিনা পারভীন তার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, বন্ডাই সৈকতে গিয়ে শেষ লাইন অতিক্রম করার মুহূর্তটি ছিল সত্যিই রোমাঞ্চকর। তিনি আরও বলেন, শারীরিক পরিশ্রমের পাশাপাশি সমাজের কল্যাণে অবদান রাখার এটি একটি চমৎকার সুযোগ। উৎসবমুখর পরিবেশে এবারের সিটি টু সার্ফ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।