আলাস্কার জুনো এলাকায় গত সপ্তাহে জ্বালানি শেষ হয়ে আটকে পড়া একটি ছোট নৌকার সাহায্যের আবেদনে সাড়া না দেওয়ার অভিযোগ থেকে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের নাম উঠে এলেও তার প্রতিনিধি এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। শনিবার এক বিবৃতিতে তার মুখপাত্র জানান, ঘটনার সময় জাকারবার্গ নিজে ইয়টে ছিলেন না এবং ক্রুরা ভিন্ন রেডিও ফ্রিকোয়েন্সিতে কাজ করছিলেন বলে ওই সহায়তা বার্তা তাদের নাগালের বাইরে ছিল।
গত সোমবার সন্ধ্যায় জুনো এবং পিটার্সবার্গের মধ্যবর্তী এলাকায় ২১ ফুটের একটি ছোট ডিঙ্গি নৌকার জ্বালানি শেষ হয়ে গেলে কোস্ট গার্ডে ফোন করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম আলাস্কা বীকন প্রথম এই ঘটনা প্রকাশ করে। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে ওই নৌকা থেকে সহায়তার আবেদন আসে। তবে মিনিট কয়েকের মধ্যেই কোস্ট গার্ড বুঝতে পারে জরুরি পরিস্থিতি নেই, তাই তারা ওই নৌকার পক্ষে একটি সাধারণ সহায়তা অনুরোধ সম্প্রচার করে।
ঘটনাস্থলের সবচেয়ে কাছের বড় জাহাজ ছিল জাকারবার্গের প্রায় ৪০০ ফুট দীর্ঘ সুপারইয়ট 'লঞ্চপ্যাড'। কিন্তু তার আগেই আরেকটি ক্রুজ জাহাজ 'ওয়াইল্ডারনেস লিগ্যাসি' এগিয়ে আসে এবং ডিঙ্গিটিকে টেনে ফারাগুট বেতে নিয়ে যায়। জাকারবার্গের ইয়টটি কাছাকাছি থাকা সত্ত্বেও সহায়তা না করার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক যাত্রী দাবি করেন, ক্রুজ জাহাজের ক্যাপ্টেন ঘোষণা করেছিলেন যে জাকারবার্গের ইয়টটি আরও কাছে আছে। এই ঘোষণার পর যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তবে জাকারবার্গের মুখপাত্র ব্রায়ান বেকার ফোর্বসকে জানান, সহায়তার অনুরোধ সম্প্রচার হওয়ার সময় তাদের ক্রুরা অন্য একটি রেডিও চ্যানেলে ছিল। তারা বার্তাটি দেখার আগেই উদ্ধারকাজ শুরু হয়ে গিয়েছিল বলেও তিনি মন্তব্য করেন।
বেকার আরও নিশ্চিত করেন যে ওই সময় জাকারবার্গ, তার স্ত্রী প্রিসিলা চ্যান এবং তাদের পরিবারের সদস্যরা ইয়টে ছিলেন না। সবাই নিরাপদে আছেন জেনে তারা স্বস্তি প্রকাশ করেছেন বলেও তিনি জানান। ফোর্বসের হিসাব অনুযায়ী, জাকারবার্গের মোট সম্পদের পরিমাণ প্রায় ২০৩.৩ বিলিয়ন ডলার, যা তাকে বিশ্বের ষষ্ঠ ধনী ব্যক্তিতে পরিণত করেছে। ২০২৪ সালে তৈরি তার ইয়টটির আনুমানিক মূল্য ৩৯০ মিলিয়ন ডলার এবং এটি বিলাসবহুল ইয়ট নির্মাতা প্রতিষ্ঠান ফ্যাডশিপের তৈরি সবচেয়ে বড় ইয়ট।



