তীব্র তাপপ্রবাহের মধ্যেও দিল্লির যন্তরমন্তরে ১০ দিনের বেশি সময় ধরে অবস্থান করছেন শত শত তরুণ-তরুণী। ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রার মধ্যে নিজেদের ‘তেলাপোকা’ বলে পরিচয় দেওয়া এই বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ককরোচ জনতা পার্টি (সিজেপি) নামের এই অনলাইনভিত্তিক ব্যঙ্গাত্মক আন্দোলনের সদস্যরা মেডিক্যালের ভর্তি পরীক্ষা নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ দাবি করছেন।

প্রধান বিচারপতি সূর্য কান্ত বেকার তরুণ, সাংবাদিক ও অধিকারকর্মীদের ‘তেলাপোকা’ ও ‘পরজীবীর’ সঙ্গে তুলনা করার পরিপ্রেক্ষিতে মে মাসের মাঝামাঝি যুক্তরাষ্ট্রপ্রবাসী ভারতীয় তরুণ অভিজিৎ দীপকের নেতৃত্বে অনলাইনে সিজেপি গড়ে ওঠে। পরে এই আন্দোলন রসিকতার গণ্ডি পেরিয়ে চাকরির সংকট ও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদী মঞ্চে পরিণত হয়। রোববার থেকে বিক্ষোভে যোগ দিয়ে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন হিমালয় অঞ্চলের সুপরিচিত জলবায়ুকর্মী সোনম ওয়াংচুক।

পুলিশের কড়া নজরদারির মধ্যে বিক্ষোভকারীরা পালাক্রমে বক্তব্য দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন ও গান গাইছেন। বিক্ষোভস্থলে পরীক্ষা বাতিলের পর আত্মহত্যাকারী ১৪ শিক্ষার্থীর নাম ও ছবি সম্বলিত একটি স্মরণস্তম্ভ স্থাপন করা হয়েছে। অভিজিৎ দীপকে ও মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তারা সরবেন না এবং তাদের লক্ষ্য একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করা। অন্যদিকে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বিক্ষোভকারীদের ‘বিভ্রান্তিকর শক্তির বি-টিম’ আখ্যা দিয়ে পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।