নির্বাচন কমিশনে (ইসি) নিজেদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জমা দেওয়া হিসাব অনুযায়ী, ২০২৫ সালে দলটির মোট আয় হয়েছে ২৩ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ১৩৯ টাকা। অন্যদিকে, একই সময়ে তাদের ব্যয় দাঁড়িয়েছে ২৩ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ৯৩৪ টাকায়। এই হিসাব অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে জামায়াতের আয় কমেছে। ইসি সূত্রে জানা গেছে, দলটির দেওয়া তথ্যমতে, গত বছরের শুরুর দিকে তাদের হাতে নগদ ও ব্যাংকে মিলিয়ে ১৫ কোটি ৭৩ লাখ টাকা ছিল। বছর শেষে আয়-ব্যয়ের হিসাব মিলিয়ে এখন দলটির হাতে নগদ আছে ৭ কোটি ৫১ লাখ ১৩ হাজার ৬৫ টাকা এবং ব্যাংকে জমা রয়েছে ৭ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ৩৬৩ টাকা। উল্লেখ্য, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকাবর্ষের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। জামায়াতের আগের বছরের (২০২৪) হিসাবে দেখা গেছে, তখন দলটির আয় ছিল ২৮ কোটি ৯৭ লাখ ২৯৯ টাকা এবং ব্যয় ২৩ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ১৭৭ টাকা। এদিকে, এর আগে ১৯ জুলাই বিএনপি তাদের দলীয় আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিয়েছে। বিএনপির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দলটির আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা এবং ব্যয় ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা। ফলে তাদের উদ্বৃত্ত রয়েছে প্রায় ৬ কোটি ৯৩ লাখ টাকা। বিএনপির ব্যাংকে মোট গচ্ছিত রয়েছে ২৮ কোটি ৪ লাখ ৭১ হাজার টাকা এবং হাতে নগদ ২ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা, যা মোট প্রায় ২৮ কোটি ৭ লাখ টাকা।