জি-৭ সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের বহনকারী হেলিকপ্টার অবতরণের ফলে সৃষ্ট ক্ষতির শিকার হতে হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁয়ের রয়্যাল রিসোর্টে প্রাক-মৌসুম প্রস্তুতি ক্যাম্পের জন্য নির্ধারিত মাঠটির ঘাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই ক্যাম্প বাতিল করতে বাধ্য হয়েছে ক্লাবটি। দ্য অ্যাথলেটিকের খবর অনুযায়ী, গত ২৩ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত চলার কথা ছিল এই ক্যাম্প। সুইজারল্যান্ড সীমান্তের কাছাকাছি অবস্থিত এই ভেন্যুতেই নতুন মৌসুমের প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা ছিল ব্রাইটনের। তবে জুনের মাঝামাঝি অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের সময় মাঠগুলোকে হেলিকপ্টার অবতরণস্থল হিসেবে ব্যবহার করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁসহ শীর্ষ নেতাদের বহনকারী হেলিকপ্টারগুলো বারবার ওই মাঠে ওঠানামা করে। ফলে মাঠের টার্ফের ব্যাপক ক্ষতি সাধিত হয়। সম্মেলন শেষ হওয়ার পরও মাঠটি অনুশীলনের উপযোগী করে তোলা সম্ভব হয়নি। মাঠের বর্তমান অবস্থা যাচাই করতে ব্রাইটন তাদের কয়েকজন কর্মকর্তাকে ফ্রান্সে পাঠায়। কর্মকর্তারা মাঠের অবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করেন এবং শেষ পর্যন্ত মাঠ ব্যবহারের অনুপযোগী বিবেচনায় পুরো প্রাক-মৌসুম ক্যাম্প বাতিলের সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ। ক্যাম্প বাতিলের কারণে ফ্রান্সের দ্বিতীয় বিভাগের ক্লাব অ্যানেসির বিপক্ষে নির্ধারিত প্রীতি ম্যাচটিও আর আয়োজন করা সম্ভব হয়নি। এর পরিবর্তে ব্রাইটন ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলের ল্যান্সিংয়ে নিজেদের প্রশিক্ষণকেন্দ্রেই অনুশীলন চালিয়ে যায়। সেখানে দর্শকবিহীন একটি প্রস্তুতি ম্যাচও খেলে দলটি। তবে পরিকল্পনায় এই পরিবর্তন সত্ত্বেও নতুন মৌসুমের প্রস্তুতিতে এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছে ব্রাইটন কর্তৃপক্ষ। বিকল্প ব্যবস্থা হিসেবে রোববার অস্ট্রিয়ার উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে দলটির, যেখানে তারা নতুন প্রাক-মৌসুম ক্যাম্প করবে। এরপর স্ট্রাসবুর্গ, রোমা ও বোলোনিয়ার বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবটির।
হেলিকপ্টারের কারণে নষ্ট মাঠ, প্রাক-মৌসুম ক্যাম্প বাতিল ব্রাইটনের
জি-৭ সম্মেলনে বিশ্বনেতাদের হেলিকপ্টার অবতরণের ফলে ফ্রান্সে ব্রাইটনের অনুশীলন মাঠের ঘাস নষ্ট হয়ে যায়। এতে প্রাক-মৌসুম ক্যাম্প বাতিল করে ইংল্যান্ডে ফিরে যায় ক্লাবটি। বিকল্প হিসেবে অস্ট্রিয়ায় ক্যাম্প ও তিন প্রীতি ম্যাচের পরিকল্পনা করেছে তারা।




