দেশের পেশাজীবী ও করপোরেট ব্যক্তিত্বদের ব্যবস্থাপনা দক্ষতা আরও সুদৃঢ় করতে বিশেষায়িত প্রশিক্ষণের আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)। প্রতিষ্ঠানটি পেশাজীবীদের জন্য দুটি স্বতন্ত্র সাপ্তাহিক শর্ট কোর্স চালু করতে যাচ্ছে, যেগুলো আগামী আগস্ট মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে।
আইবিএ সূত্রে জানা গেছে, পরিবর্তনশীল বৈশ্বিক বাণিজ্য প্রেক্ষাপট ও প্রতিযোগিতামূলক বাজারের সাথে তাল মেলাতে এই কোর্স দুটি কার্যকর ভূমিকা রাখবে। 'ব্র্যান্ড ম্যানেজমেন্ট' ও 'করপোরেট গভর্ন্যান্স' নামের কোর্সগুলোতে পাঠদান করবেন ঢাবি আইবিএসহ দেশের অন্যান্য খ্যাতনামা বিজনেস স্কুলের শিক্ষকরা। পাশাপাশি শীর্ষস্থানীয় করপোরেট নির্বাহী ও শিল্প-বিশেষজ্ঞরা রিসোর্স পারসন হিসেবে সেশনে অংশ নেবেন।
প্রথম কোর্স 'ব্র্যান্ড ম্যানেজমেন্ট' আগামী ২১ ও ২২ আগস্ট অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণকারীরা পণ্যের অবস্থান নির্ধারণ (পজিশনিং), আধুনিক ব্র্যান্ড কৌশল, ক্রেতার মানসিকতাবোধ (কাস্টমার সাইকোলজি) ও ডিজিটাল ব্র্যান্ডিংয়ের কার্যকরী ধারণা অর্জন করবেন। পরের সপ্তাহে, ২৮ ও ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে 'করপোরেট গভর্ন্যান্স' বিষয়ক কোর্স। এই প্রশিক্ষণে প্রতিষ্ঠান পরিচালনায় স্বচ্ছতা, নিরীক্ষা ব্যবস্থাপনা, নীতি-নৈতিকতা ও ঝুঁকি ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হবে। উভয় কোর্সের ক্লাস সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।
আগ্রহী প্রার্থীদের আবেদনের জন্য কিছু যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি কোর্সের ফি ধার্যয হয়েছে ১৫ হাজার টাকা। আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি, যেকোনো খ্যাতনামা প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যতিক্রমী যোগ্যতার অধিকারী প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতার এই শর্ত শিথিলযোগ্য।
নির্বাচন প্রক্রিয়ায় অগ্রাধিকার পাবেন যাঁরা আগে আবেদন করবেন এবং যোগ্য হিসেবে বিবেচিত হবেন। এই দুই কোর্স পৃথক সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কারণে একজন প্রার্থী চাইলে সুবিধা ও প্রয়োজন অনুযায়ী যেকোনো একটি বা উভয় কোর্সেই অংশ নেওয়ার আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৯ আগস্ট, ২০২৬।
কোর্স সংশ্লিষ্ট যেকোনো তথ্যের জন্য আইবিএর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের নির্ধারিত কক্ষে যোগাযোগ করা যাবে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ একটি ওয়েবসাইট ও দুটি মোবাইল নম্বরও সরবরাহ করেছে, যাতে আগ্রহীরা সরাসরি যোগাযোগ করতে পারেন।



