তালেবান শাসনামলে আফগান নারীদের মৌলিক অধিকার ও খেলাধুলার ওপর কঠোর নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়ে আয়ারল্যান্ডে আসন্ন আফগানিস্তান ক্রিকেট সিরিজের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। এই পরিস্থিতিতে সিরিজ চলাকালীন যেকোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে নিরাপত্তা প্রস্তুতি জোরদার করছে ক্রিকেট আয়ারল্যান্ড। আয়োজক সংস্থাটি নর্দার্ন আয়ারল্যান্ডের পুলিশ সার্ভিসের (পিএসএনআই) সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ রক্ষা করে চলছে।

উল্লেখ্য, ২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতা দখলের পর থেকে আফগানিস্তানের নারীরা শিক্ষা, চাকরি, চলাচলের স্বাধীনতা ও খেলাধুলার মতো মৌলিক সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। অভিযোগ আছে, তালেবান সদস্যরা নারী ক্রীড়াবিদদের বাড়িতেও অভিযান চালিয়েছেন, যার কারণে অনেক খেলোয়াড় জীবন বাঁচাতে দেশত্যাগে বাধ্য হয়েছেন। এমন প্রেক্ষাপটে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে অপারগতা প্রকাশ করলেও, আইসিসি টুর্নামেন্টগুলোতে বাধ্য হয়েই মুখোমুখি হতে হয়।

চলতি বছরের শুরুতের দিকে দায়িত্ব নেওয়া ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী সারাহ কিয়েনও মানছেন যে, আফগান নারীদের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই সিরিজ আয়োজন করতে গিয়ে ‘নৈতিক অস্বস্তি’ কাজ করছে। তবে সম্প্রতি তিনি আইসিসির একটি বিশেষ প্রতিনিধিদলের সদস্য হয়েছেন, যারা ২০৩০ সালের মধ্যে শরণার্থী আফগান নারী ক্রিকেটারদের নিয়ে একটি দল গঠনের চেষ্টা চালাচ্ছেন।

অন্যদিকে, পিএসএনআইর মুখপাত্র জানান, মতপ্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার একটি মৌলিক মানবাধিকার হলেও সেটি যাতে অন্য কারও অধিকার ক্ষুন্ন না করে বা কোনো অপরাধমূলক কাজের জন্ম না দেয়, সেটি নিশ্চিত করাই তাদের লক্ষ্য। কোনো অপরাধ ঘটলে পুলিশ যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বলা হয়েছে, ম্যাচ চলাকালে সমর্থকদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের প্রতি পুলিশ ও আয়োজক উভয়েরই সম্মান দেখানো প্রয়োজন। সংস্থাটির মুখপাত্র ফেলিক্স জ্যাকাঙ্কস ক্রিকেট আয়ারল্যান্ড, খেলোয়াড় এবং আইসিসিকে আফগান নারীদের অধিকারের পক্ষে কথা বলার আহ্বান জানিয়ে হুশিয়ারি দেন যে, তালেবান এই ক্রীড়া আসরকে তাদের প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা চালাতে পারে। তাই এই সিরিজকে তাদের ‘বিনা মূল্যের প্রচারসুযোগ’ হওয়া থেকে বিরত রাখা এবং আফগান নারীদের কথা স্মরণ করিয়ে দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্টদের।

বেলফাস্টের নারী অধিকার সংগঠন ‘উইমেনস রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি’ এক ধাপ এগিয়ে সরাসরি প্রশ্ন তুলেছে, নারীদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করা একটি দেশের প্রতিনিধিত্বকারী দলের বিরুদ্ধে সিরিজ আয়োজন কতটা যৌক্তিক। তাদের মতে, বিষয়টি নতুন করে ভেবে দেখার সময় এসেছে।

তবে তুমুল সমালোচনা সত্ত্বেও পিছু হটেনি ক্রিকেট আয়ারল্যান্ড। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার, ৫ আগস্ট থেকে শুরু হতে চলা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে আফগানিস্তান। বেলফাস্টের মাঠে খেলাগুলো ঘিরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সবাইকে আগাম সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।