প্রতিষ্ঠানের ডিজিটাল পরিচয় রক্ষায় ইমেইল এখন শুধু চিঠিপত্র আদানপ্রদানের মাধ্যম নয়; এটি সাইবার অপরাধীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই বাস্তবতা মাথায় রেখে ঢাকায় এক বিশেষ আয়োজনের মাধ্যমে নিরাপদ ও আধুনিক মেসেজিং অবকাঠামো গড়ে তোলার পথ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গত ২০ আগস্ট রেনেসাঁ গুলশান হোটেলে এই অনুষ্ঠানটি আয়োজন করে কোলোসিটি লিমিটেড—বাংলাদেশের পরিচিত ডেটা সেন্টার ও আইসিটি সেবাদাতা প্রতিষ্ঠান। জিমব্রা, বিশ্বব্যাপী জনপ্রিয় একটি এন্টারপ্রাইজ ইমেইল প্ল্যাটফর্ম, ছিল আলোচনার কেন্দ্রে।
অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণকারী এবং নিরাপদ ইমেইল ব্যবস্থা খুঁজছেন এমন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ব্যাংক ও বিমা, টেলিকম, শিল্প-কারখানা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সরকারি সংশ্লিষ্ট খাত—বিভিন্ন শিল্পের প্রতিনিধিরা এখানে একত্রিত হন। আলোচনার মাধ্যমে সবাই ইমেইল অবকাঠামো, নিরাপত্তা এবং দেশেই ডেটা রাখার গুরুত্ব সম্পর্কে নতুন দিক জানতে পারেন। পুরোনো ইমেইল সিস্টেমকে আধুনিক রূপ দেওয়া, প্রয়োজনে তা সহজে বড় করা এবং কোনো কারণে সেবা যেন থেমে না যায়—সেসব নিশ্চয়তার বিষয়ও গুরুত্ব পায়।
কোলোসিটির চিফ মার্কেটিং অ্যান্ড সেলস অফিসার মোঃ আল ফুয়াদ বলেন, ইমেইল এখন প্রতিষ্ঠানের আইটি অবকাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি। একই সঙ্গে এটি সাইবার হামলার অন্যতম প্রধান লক্ষ্য। তাঁর মতে, শুধু ভালো একটি মেসেজিং প্ল্যাটফর্ম থাকলেই চলে না; এর সঙ্গে মজবুত নিরাপত্তা বলয়ও অপরিহার্য। জিমব্রা ও ব্যারাকুডা নেটওয়ার্কসকে একসঙ্গে এনে তারা নিরাপদ ও নির্ভরযোগ্য ইমেইল পরিবেশের দুটি গুরুত্বপূর্ণ দিক একত্র করেছেন। তিনি আরও উল্লেখ করেন, এন্টারপ্রাইজ ইমেইল কেবল যোগাযোগের উপায় নয়; এটি প্রতিষ্ঠানের ডিজিটাল অবকাঠামোর অবিচ্ছেদ্য অংশ। বিভিন্ন শিল্পখাতের প্রতিনিধিদের এক জায়গায় এনে নিরাপদ, স্কেলেবল ও পেশাদার মেসেজিং সল্যুশন নিয়ে আলোচনা করার মাধ্যমে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর যোগাযোগ অবকাঠামো আরও শক্তিশালী করতে সহায়তা করাই তাদের লক্ষ্য।
অনুষ্ঠানে জিমব্রা ডেস্কটপ নিয়ে আলাদা আলোচনা হয়। এত দিন কর্মীরা অফিসের ইমেইল দেখতে আউটলুক বা থান্ডারবার্ডের মতো বাইরের অ্যাপের ওপর নির্ভর করতেন। জিমব্রা ডেস্কটপ এই বাড়তি নির্ভরতা দূর করে; এটি জিমব্রার সঙ্গে সমন্বিতভাবে কাজ করার জন্য তৈরি একটি নিজস্ব ডেস্কটপ অ্যাপ্লিকেশন।
বাংলাদেশে ভুয়া ডোমেইন ও ইমেইল ছদ্মবেশের ফাঁদ দিন দিন বেড়েই চলেছে। কিছু ক্ষেত্রে প্রতারকরা প্রায় হুবহু একই রকম ডোমেইন তৈরি করে বার্তা পাঠাচ্ছে, ফলে মনে হয় বার্তাটি এসেছে খোদ প্রতিষ্ঠান বা তার পরিচিত কোনো অংশীদারের কাছ থেকেই। এই ঝুঁকি ঠেকাতে কোলোসিটি ব্যারাকুডা নেটওয়ার্কসের নিরাপত্তা সল্যুশন যুক্ত করেছে। এটি একটি অতিরিক্ত প্রাচীরের মতো কাজ করে, যা ডোমেইন ছদ্মবেশ, স্পুফিং ও ফিশিংয়ের মতো হামলা রোধ করে।
কোলোসিটি বাংলাদেশে জিমব্রার অনুমোদিত সেবাদাতা হিসেবে বহু বছর ধরে বিভিন্ন প্রতিষ্ঠানের পাশে রয়েছে। তারা প্ল্যাটফর্মটি বসিয়ে দেওয়া, চালু রাখা এবং যেকোনো কারিগরি সমস্যা দ্রুত সমাধানে সহায়তা প্রদান করে আসছে। মোঃ আল ফুয়াদ স্পষ্ট করে বলেন, তাঁদের লক্ষ্য কেবল একটি ইমেইল প্ল্যাটফর্ম বিক্রি করা নয়। জিমব্রার সঙ্গে ব্যারাকুডার নিরাপত্তা স্তর যোগ করে তারা এমন পরিবেশ গড়তে চান, যেখানে শুধু মেইলবক্স নয়, প্রতিষ্ঠানের গোটা ডিজিটাল পরিচয়ই সুরক্ষিত থাকবে। প্রেজেন্টেশন ও খোলামেলা আলোচনার মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জগুলোও একে অপরের সঙ্গে ভাগ করে নেন এবং ইমেইল দুনিয়ার সর্বশেষ খবর জানার সুযোগ পান।




