মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন। নির্বাচনের পরদিন শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তাঁর আনুষ্ঠানিক শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। সেখানে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল এই প্রবীণ রাজনীতিবিদকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে শপথ পাঠ করান।
এই নির্বাচনের পর আন্তর্জাতিক অঙ্গন থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু করে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। ঢাকার মার্কিন দূতাবাস শনিবার রাতে তাদের আনুষ্ঠানিক ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানায়, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও সুদৃঢ় করার প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পাশাপাশি চীন ও যুক্তরাজ্যও ইতোমধ্যে অভিনন্দন জানিয়েছে। এছাড়াও ভারতের রাষ্ট্রপতির পক্ষ থেকে এবং মালদ্বীপের প্রেসিডেন্টের পক্ষ থেকেও নতুন রাষ্ট্রপতির কাছে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পৌঁছেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।




