আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে বিশ্বকাপ ট্রফি আনা হবে লুই ভিতোঁর তৈরি বিশেষ ট্রাঙ্কে করে। ফরাসি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ডটি এ আসরের অফিশিয়াল সাপ্লায়ার ও ব্র্যান্ডেড লাইসেন্সি হিসেবে দায়িত্ব পালন করছে। ১৯ জুলাই নির্ধারিত ফাইনাল ম্যাচের আগে এক বিশেষ আয়োজনে লুই ভিতোঁর অ্যাম্বাসেডর এবং ফিফার এক কিংবদন্তি খেলোয়াড় ট্রফি বহন করে মাঠে প্রবেশ করবেন। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে শুরু হওয়া এই রীতি এবারও অটুট রাখল সংস্থাটি।
প্যারিসের নিকটবর্তী আসনিয়ের-সুর-সেন শহরে অবস্থিত লুই ভিতোঁর ঐতিহাসিক কারখানায় দক্ষ শিল্পীরা এই ট্রাঙ্কটি তৈরি করেছেন। এর গায়ে ব্র্যান্ডের পরিচিত মনোগ্রামের পাশাপাশি সামনের অংশে হাতে আঁকা সোনালি ‘ভি’ অক্ষরটি শোভা পাচ্ছে, যা একইসঙ্গে বিজয় এবং ভিতোঁর প্রতীক। ট্রাঙ্কের চারদিকে চামড়ার সূক্ষ্ম কারুকাজ, মেলাটের সুরক্ষা বলয় ও বিশেষ তালা রয়েছে, যা ১৮৬০-এর দশক থেকে ব্র্যান্ডটি ব্যবহার করে আসছে। ভেতরের অংশ হালকা বেইজ রঙের চামড়ায় মোড়ানো, আর ঢাকনার ভেতরে ফিফা ও লুই ভিতোঁর লোগো খোদাই করা আছে, যা এই অংশীদারিত্বের স্মারক হিসেবে কাজ করবে।
ফিফার প্রধান ব্যবসা কর্মকর্তা রোমি গাই জানিয়েছেন, বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ফুটবল ট্রফির জন্য লুই ভিতোঁর মতো ঐতিহ্যবাহী নামই সবচেয়ে উপযুক্ত। তাঁর ভাষ্য অনুযায়ী, ফাইনালের আগে ট্রফি মাঠে নিয়ে আসার মুহূর্তটি এখন বিশ্বকাপের অন্যতম আইকনিক চিত্রে পরিণত হয়েছে। অন্যদিকে লুই ভিতোঁর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী পিয়েত্রো বেক্কারি মনে করেন, এক দশকের বেশি সময় ধরে এই ব্র্যান্ড ফুটবলের বিজয় উদযাপনের সঙ্গী। নতুন এই ট্রাঙ্কও সেই উত্তরাধিকার বহন করবে বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের মাধ্যমে লুই ভিতোঁর এই যাত্রা শুরু। এরপর ২০১৪ সালে ব্রাজিল, ২০১৮ সালে রাশিয়া ও ২০২২ সালে কাতার বিশ্বকাপেও ট্রফি বহনের জন্য বিশেষ ট্রাঙ্ক তৈরি করে ব্র্যান্ডটি। সব মিলিয়ে এটি টানা পঞ্চম বিশ্বকাপ যেখানে লুই ভিতোঁ ফুটবলের সবচেয়ে বড় আসরের অংশীদার হচ্ছে। বিশ্বকাপকে এখন শুধু ফুটবল নয়, বরং বিশ্বের বৃহত্তম সাংস্কৃতিক আয়োজন হিসেবে দেখা হয়, যেখানে ফ্যাশন ও শিল্প খেলাধুলার পরিপূরক হয়ে ওঠে। ফাইনালের রাতে যখন বিজয়ী দল সোনালি ট্রফি হাতে তুলবে, তখন কোটি দর্শকের নজর থাকবে সেই ট্রাঙ্কের দিকেও, যেখানে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় স্বপ্নটি নিরাপদে অপেক্ষায় থাকবে।

